আটককৃত ছিনতাইকারী।
সিলেটে দক্ষিণ সুরমার কুচাই আবাসিক এলাকা থেকে২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি সিএনজি চালিত অটোরিকশা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে মোগলাবাজারের রাঘবপুর নিজ বাড়ীতে যাওয়ার জন্য সেহান আহমদ (১৯) নামের এক যুবক অটোরিকশায় ওঠেন। অটোরিকশার চালক আবজল আলী রাজু ও যাত্রী তারেকুর রহমান তানভির দুজনই ছদ্মবেশী ছিনতাইকারী। পথিমধ্যে অটোরিকশাটি সিলেট-ফেঞ্চুগঞ্জ রাস্তার প্যারাইচক এলাকায় পৌছলে যাত্রী ও চালকবেশি ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে সেহান আহমদের কাছ থেকে ২০ হাজার টাকা দামের মোবাইল ছিনিয়ে নিয়ে সেহানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সে সময় সেহান বাধা দিতে গেলে তার গলায় ছুরিকাঘাত করতে গেলে সেহান প্রতিহত করলে তার বাম হাতের তর্জনি ও মধ্যমা আঙুল কেটে গুরুতর জখম করে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
পরবর্তীতে সেহান মোগলাবাজার থানায় এ বিষয়ে জানালে পুলিশ তাদেরকে কুচাই আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে সোহানের কাছ থেকে নেওয়া মোবাইল ফোন ও তাদের সঙ্গে থাকা অটোরিকশা উদ্ধার করে জব্দ করে পুলিশ। পরবর্তীতে সেহান মোগলাবাজার থানায় এজাহার দায়ের করেন। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
জৈন্তাবার্তা/জেএ




