ছবি : নিজস্ব
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজসহ ৮ জনকে আটক পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের আব্দুজ জহুর এলাকা থেকে উদ্ধার হওয়া পেঁয়াজের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর থানার এসআই (উপপরিদর্শক) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৬টি ট্রাক ও ১টি পিকআপসহ ৮ চোরাকারবারিকে আটক করেন। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা। গ্রেপ্তারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এম সি




