বৃষ্টির পর নগরীর রাস্তাঘাটের চিত্র।
মাঘে মেঘে দেখা না হলেও বসন্তে হয়েছে ভারি বর্ষণ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিনভর ছিল সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন। রাত ৯টা থেকেই শুরু হয় থেমে থেমে বৃষ্টি। বুধবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরের আগে রাতে বেড়ে যায় বৃষ্টির পরিমাণ ও শীতল হাওয়া।
বৃহস্পতিবার-শুক্রবার পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বাড়তে পারে রাতের তাপমাত্রা।
অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, মঙ্গল ও বুধবার সিলেটের দুই-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা একটু বাড়তে পারে। শুক্রবার থেকে কমতে শুরু করতে পারে বৃষ্টি।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রুসহ বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সিলেটের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা কমতে পারে সামান্য।সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
জৈন্তাবার্তা/জেএ




