‘অসময়ের বৃষ্টি’ উপেক্ষা করে সিলেট শহীদ মিনারে ফুল হাতে মানুষের ঢল।
সিলেটে গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করলো সিলেটবাসী। দিবাগত রাত ১২ টা ১ মিনিটে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এ সময় হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার।
জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের পর একে-একে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মেয়রের নেতৃত্বে সিলেট সিটি করপোরেশন, সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মহানগর পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, সিলেট জেলা পুলিশ সুপার, সিলেট জেলা পরিষদ, আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট, কমান্ডিং অফিসার ৭ম এপিবিএন সিলেট, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্ট, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, সিলেটের সিভিল সার্জন, মৎস্য অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন দপ্তর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এদিকে, শ্রদ্ধা নিবেদনের এক পর্যায়ে রাত ১২ টা ২০ মিনিটের দিকে নামে বছরের প্রথম বৃষ্টি। ফাল্গুনে ‘অসময়ের বৃষ্টি’ উপেক্ষা করে চলে শ্রদ্ধা নিবেদন। জেলা প্রশাসনের আয়োজনে এবং সিটি করপোরেশনের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থাপনায় ছিল সম্মিলতি নাট্য পরিষদ সিলেট।
একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক। পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ছিলো কঠোর অবস্থানে।
জৈন্তাবার্তা/জেএ




