গোয়াইনঘাটে বাঁশের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানালো ক্ষুদে শিক্ষার্থীরা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে বাঁশের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানালো ক্ষুদে শিক্ষার্থীরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০৪:১৪:৫৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বাঁশের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানালো ক্ষুদে শিক্ষার্থীরা


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের গুলনি চা-বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার। 

কিন্তু তাতে থেমে নেই শহীদদের শ্রদ্ধা জানানো। প্রতি বছরের ন্যায় এবারও বাঁশ, রঙিন কাগজ ও সবুজ পাতায় সাজানো শহীদ মিনার নির্মাণ করে তাতেই শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন এলাকাবাসীও।

বুধবার ২১ ফেব্রয়ারী সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাঁশ দিয়ে তৈরি প্রতিকী অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে রয়েছেন শিক্ষকরাও। প্রথমবারের মতো এ মিছিলে যোগ দিয়েছেন স্থানীয় লোকজন।

গুলনী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নিখিল গোয়ালা জানাান, তাঁর বিদ্যালয়ে শহীদ মিনার নেই। একুশে ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরে তারা শ্রদ্ধা নিবেদন করে প্রতীকী শহীদ মিনারে।

এবার ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানাতে দুদিন আগে থেকে শহীদ মিনার তৈরিতে হাত দিয়েছেন তারা। শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীরা এ মিনার গড়েছে। একসঙ্গে সবাই তাতে শ্রদ্ধাও জানিয়েছে।

গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শুকুর বলেন, শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানতে শহীদ মিনার খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে, তাই উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করা সময়ের দাবী।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম,কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকার কথা স্বীকার করে জানান, যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অস্থায়ী মিনার বানিয়ে শ্রদ্ধা জানিয়ে আসছে। তবে প্রতিটি প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে আইডিয়া ইসিইটিজি প্রকল্প এবং চাইল্ড এইড নেটওয়ার্ক এর অর্থায়নে এ বছর জানুয়ারি মাস থেকে আগামী জানুয়ারি পর্যন্ত এক বছরের জন্য গুলনি চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্যানিটেশন ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শিশুরা যে উপকৃত হচ্ছে তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল গোয়ালা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: