ফ্যামিলি প্লানিং এসোসিয়েশন অফ বাংলাদেশ (এফপিএবি) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস বি প্রতিরোধে দুই দিনব্যাপী ‘হেপাটাইটিস-বি ডায়াগনোসিস এন্ড ভ্যাক্সিনেশন ক্যাম্প’র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সম্মুখে এই কর্মসূচির উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.কবির হোসেন।
এসময় তিনি এফপিএবি ও সামজকর্ম বিভাগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন নাগরিক হিসেবে শিক্ষার্থীদের ভ্যাক্সিন নিতে উদ্ভুদ্ধ করেন।
আয়োজকরা জানান, হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও যারা হেপাটাইটিস ভ্যাকসিন নেয়নি অথবা হেপাটাইটিসের ঝুঁকিতে আছে তাদের ভ্যাক্সিন নিতে উৎসাহিত করা এবারের ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। ২২ ও ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্রিতে হেপাটাইটিস-বি এর টিকা নিতে পারবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, মেডিক্যাল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. আসিফ ইকবাল, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মিজানুর রহমান, এফপিএবি’র সিলেট জেলার অফিসার জাকিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, লিভারের ভাইরাস জনিত এই রোগটি প্রতিরোধ ও চিকিৎসাযোগ্য। তবে সচেতনতার অভাবে বিশ্বে প্রতি বছর প্রায় ১ মিলিয়ন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া বাংলাদেশের মোট জনসংখ্যার ৫.৪ শতাংশ মানুষ হেপাটাইটিস 'বি' ভাইরাসে আক্রান্ত।
জৈন্তাবার্তা/এমকে




