কানাইঘাট সীমান্তে ভারতের অভ্যন্তরে পড়ে আছে বাংলাদেশি কিশোর মাসুমের গলাকাটা মরদেহ।
সিলেটের কানাইঘাট উপজেলা-সংলগ্ন ভারত সীমান্তের ভেতরে পড়ে থাকা বাংলাদেশি কিশোর মাসুম আহমদের (১৫) লাশ আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) হস্তান্তর করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকার ১৩১২-৮ পিলারের পাশে ভারতের ভেতরে ওই কিশোরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। মাসুম সিলেটের কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের নুরুল হকের ছেলে।
স্বজনরা জানান, গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী বাদশা বাজারে গিয়েছিল সে। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে বাংলাদেশের বাসিন্দাদের জানান ভারতের বাসিন্দারা। খবর পেয়ে বাংলাদেশের অংশ থেকে লাশটি দেখে শনাক্ত করেন মাসুমের স্বজনেরা।
মাসুমের মামা জহির উদ্দিন বলেছিলেন, ভারতের হারাইপুঞ্জি ও সিঙ্গারী খালের পাশে গলাকাটা অবস্থায় পড়ে থাকা লাশটি তার ভাগনের। সে কীভাবে ভারতের ভেতরে গেল, বুঝতে পারছেন না। লাশটি ফিরিয়ে আনতে প্রশাসনের সঙ্গে তাঁরা কথা বলছেন।
সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার ইলিয়াস হোসেন বলেন, ‘সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকার ১৩১২-৮ পিলারের পাশে ভারতের অভ্যন্তরে এক কিশোরের গলা কাটা লাশ পড়ে রয়েছে। নিহত কিশোরের লাশ বিএসএফের মাধ্যমে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বাংলাদেশে নিয়ে আসে বিজিবি। পরে তাঁদের উপস্থিতিতে লাশ ওই কিশোরের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জৈন্তাবার্তা/জেএ




