জীবনে সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য গ্রহণ।মানব জীবনে নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপদ খাদ্য। আর সেই নিরাপদ খাদ্য পেতে হলে চাই নিজের হাতে চাষ করা সবজি ও ফলমূল। কেননা আজকাল বাজার থেকে আনা সবজি ও ফলমুলে ফরমালিন ও বিষযুক্ত হওয়ায় বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে অহরহ। আর সেই নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে কৃষি কর্মকর্তার দিক নির্দেশনায় কৃষকদের জন্য সরকারের দেওয়া সুবিধাগুলো প্রণোদনা, প্রদর্শনী, মাঠ দিবস,পুষ্টিবাগান ও মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে গোয়াইনঘাট উপজেলাকে কৃষিতে সম্ভাবনাময়ী করে তুলছে। তারই ধারাবাহিকতায় নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের কৃষক আতাউর রহমান দুই বছর ধরে কৃষির পাশাপাশি নানা রকমের শীত ও গ্রীষ্মকালীন সবজি চাষ করে পারিবারিকভাবে সবজির খাদ্য চাহিদা মিটিয়ে স্হানীয়ভাবে বিক্রি করে বিনিয়োগের টাকা তুলে বছর শেষে লাভ করছেন।তার বাগানে রয়েছে বর্তমানে পেঁপে, মিষ্টি কদু, বাংলা কদু,ফুলকপি, ধনিয়া পাতা, কাঁচা মরিচ,ঢেঁড়স,করলা,লাল শাক, পুঁইশাক, ডাঁটা শাক ও বেগুনসহ নানা ধরনের শীতকালীন সবজি।মাচায় ঝুলছে সবুজ রঙ্গের লাউ।মাঠের পরিশ্রম শেষে সবজির বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করেন।লাভ কম হলেও খেতে পারেন ফরমালিন ও বিষমুক্ত নিরাপদ খাবার।এটাই তার বড় তৃপ্তি।
তার সাথে কথা বলে জানা যায়,একবিঘা জমি ১৫ হাজার টাকা বছরে দিয়ে বর্গা নিয়েছেন।দুই বছর ধরে নানা ধরনের সবজি চাষ করছেন। তিনি কৃষি কাজ ও গবাদি পশু লালন-পালন করে থাকেন। পাশাপাশি এই সবজি বাগান করেছেন। বাড়তি সময়টুকু সবজি বাগানের পরিচর্যায় কাজে লাগান। নিজের পরিবারের খাদ্য চাহিদা মিটিয়ে স্থানীয়ভাবে বিক্রি করে থাকেন।বিষমুক্ত হওয়ায় স্থানীয়রাও তার কাছ থেকে ক্রয়ে স্বাচ্ছন্দ্যবোধ পায়। লাভ কম হলেও লোকসানের কোন কারণ নেই।
কৃষক আতাউর রহমান বলেন, সুস্থ থাকতে নিরাপদ বিষমুক্ত খাবারের জন্য সবজি চাষ করেছি। তবে লাভ কম হলেও তাতেই খুশি। এভাবেই যদি নিরাপদ সবজি চাষ করে তাহলে বিষমুক্ত সবজি খেয়ে মানুষ সুস্থ জীবনযাপন করবে এমনটাই প্রত্যাশা এই চাষির।
জৈন্তাবার্তা/এমকে




