সিলেট প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসীর সংবাদ সম্মেলন।
সিলেট নগরের করিমুল্লাহ মার্কেটের মালিকপক্ষ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগে দোকানকোঠা জবরদখল করে রেখেছে বলে অভিযোগ করেছেন এক যুক্তরাজ্য প্রবাসী। সুবিচার চেয়ে মন্ত্রী, প্রশাসন ও হাইকমিশনসহ বিভিন্ন মহলের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। তাই, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন যুক্তরাজ্য প্রবাসী, সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর গ্রামের মরহুম মো. তহুর আলীর ছেলে মো. আমিরুল ইসলাম নজমুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি একজন বৃটিশ নাগরিক ও রেমিট্যান্সযোদ্ধা। দীর্ঘ ৩০ বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছি। ২০০১ সালে সিলেটের বন্দরবাজারে করিমউল্লাহ মার্কেটের নির্মাণ কাজ শুরু হলে মার্কেটের দ্বিতীয় তলায় ১০৪.৫২ স্কয়ার ফিটের ৩৪ নম্বর দোকানকোঠা ক্রয়ে মার্কেট-মালিকদের সঙ্গে চুক্তিবদ্ধ হই। ২০০৩ সালে কাজ সম্পন্ন হলে মূল চুক্তিপত্র সম্পাদন করে আমাকে আমার দোকান বুঝিয়ে দেন।’
আমিরুল ইসলাম নজরুল অভিযোগ করেন, দোকানকোঠা স্থায়ী বন্দোবস্ত পাওয়ার পর মালিকপক্ষের মনোনীত একজনকে ভাড়া দেওয়া হয় এবং মালিকপক্ষকে নিয়মিতই জামিদারি ভাড়া দিয়ে আসছিলেন। কিন্তু একপর্যায়ে তারা ‘রক্ষণাবেক্ষণ’ বাবদ জমিদারি ভাড়া ছাড়াও মাসিক আরও তিন হাজার টাকা দাবি করেন। এতে সম্মত না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন।’
তিনি বলেন, ‘২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আমি আমার দোকানের পূর্ববর্তী ভাড়াটিয়াকে বের করে ১ অক্টোবর থেকে দিলদার নামে নতুন ভাড়াটিয়াকে দোকান বুঝিয়ে দেই। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন মালিকপক্ষ। পাঁচ দিনের মাথায় অর্থাৎ ৫ অক্টোবর আমার দেওয়া ভাড়াটিয়াকে বের করে দিয়ে ছানাউল্লাহ ফাহিম আমার দোকানটি তালা দেন। ৬ অক্টোবর দুপুরে মার্কেটের অফিসে গিয়ে ছানাউল্লাহ ফাহিমের সাথে দেখা করে তালা দেওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাকে ডিফোল্ডার অভিযোগ দেন। নিয়মিত জামিদারি ভাড়া পরিশোধ করিনি বলে মিথ্যা অভিযোগ দেন।’
দোকান দখল করে উল্টো হুমকির অভিযোগ করে নজমুল বলেন, ‘তাদের দাবিকৃত মাসিক বাড়তি ৩ হাজার টাকা ও তাদের মনোনীত ভাড়াটিয়াকে দোকান না দেওয়ায় দোকান দখল করে নেন। ছানাউল্লাহ ফাহিমের সঙ্গে দেখা করে নিয়মিত জমিদারির ভাড়া পরিশোধের রশিদ প্রদর্শন এবং বকেয়া নেই প্রমাণ করলে তারা উল্টো দোকান ভেঙে ফেলার হুমকি দেন।’
তিনি আরও বলেন, ‘তাদের ভয়ভীতির মুখে সেদিনই লন্ডনে ফিরে যাই। পরে, ফোনে আতাউল্লাহ সাকেরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধান চাইলে তিনি উদ্দেশ্যমূলকভাবে নানা কথা বলেন। আমার নতুন ভাড়াটিয়া দিলদার হোসেনের প্রতি ‘অবৈধ মোবাইল ফোন বেচাকেনার সঙ্গে জড়িত’ থাকার অভিযোগ তুলেন। কিন্তু পরবর্তীতে তাকেই দোকানে কর্মচারী হিসেবে নিয়োগ দেন।’
এ বিষয়ে প্রথমে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা চেয়ে আবেদন করেন এই প্রবাসী। হাইকমিশনার বিষয়টি খতিয়ে দেখতে তৎকালীন সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রবাসী সেল প্রধান, সিলেট বিভাগীয় কমিশনার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেন। এভাবে চার-চারবার যুক্তরাজ্যস্থ বাংলাদেশি দূতাবাস থেকে চিঠি পাঠানো হলেও তদন্ত কাজ আগায়নি।
তিনি আরও জানান, সাত মাস পর ২০২১ সালের ২১ মে দেশে ফিরে বিষয়টি সুরাহার লক্ষ্যে ছানাউল্লাহ ফাহিম ও আতাউল্লাহ সাকেরের সঙ্গে কয়েক দফা চেষ্টার একমাস পর বৈঠক হয়। সে বৈঠকে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ পরবর্তী তিন দিনের মধ্যে বিষয়টির সমাধানের আশ^াস দেন। কিন্তু সমাধান হয়নি তিন বছরেও। এক পর্যায়ে আজাদ মাত্র ১৫ লাখ টাকার বিনিময়ে দোকান বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেন।
সিলেট চেম্বার অব কমার্সের নেতা ও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও সহযোগিতা চেয়ে প্রতিকার পাননি এই প্রবাসী। তৎকালীণ প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদের কাছেও গিয়ে সহযোগিতা চেয়েছেন। কিন্তু সব মহল থেকেই খালি হাতে ফিরেছেন।
ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে ২০২২ সালের ৫ ডিসেম্বর সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্যাট আদালতে প্রতারণা মামলা এবং ২০২৩ সালের ৪ জুন সিলেট জেলা যুগ্ম জজ ২য় আদালতে স্বত্ব মামলা দায়ের করেন তিনি। আদালতের মামলাগুলো বিচারাধীন।
জমিদারি ভাড়া প্রদানের সব রশিদ নিজের কাছে রয়েছে উল্লেখ করে এই প্রবাসী বলেন, ‘আমার দোকান জবরদখল করেছেন ২০২১ সালের ৫ অক্টোবর। এর আগ পর্যন্ত জমিদারি ভাড়া প্রদানের সব রশিদ আমার কাছে রয়েছে। তা সত্ত্বেও করিমউল্লাহ মার্কেট কর্তৃপক্ষ আমার সঙ্গে অন্যায় আচরণ করছে এবং নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’
আওয়ামী লীগ সরকারকে প্রবাসীবান্ধব সরকার উল্লেখ করে তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘ছানাউল্লাহ ফাহিম ও আতাউল্লাহ সাকেরের প্রতারণার কারণে আমি বিগত সময়ে লন্ডনে সব ফেলে বার বার দেশে এসেছি। এতে অন্তত ৩০ লাখ টাকা খরচ হয়েছে। প্রতি মাসের ভাড়াও পাচ্ছি না। প্রধানমন্ত্রীর সুদৃষ্টি পেলে আমার সুবিচার ও ন্যায়বিচার প্রাপ্তির পথ উন্মুক্ত হবে।’
জৈন্তাবার্তা/জেএ




