গ্যাসের দাবিতে পরিবহন শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

গ্যাসের দাবিতে পরিবহন শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০৯:০২:২৯ পূর্বাহ্ন

গ্যাসের দাবিতে পরিবহন শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

সিলেটে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ।


সিলেটে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় হঠাৎ করে শতাধিক পরিবহন শ্রমিকরা দক্ষিণ সুরমার তেলীবাজার নামক স্থানে সড়ক অবরোধ করেন। এতে করে ঢাকা-সিলেট মহাসড়কের যানজট দেখা দেয়। সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

জানা যায়, প্রতি মাসের ২০ তারিখের পর থেকে সিলেটের সিএনজি ফিলিং স্টেশনে লোড সঙ্কট তীব্র হয়। এ কারণে সিলেটের সড়কে চলাচলকারী যানবাহনের চালকরা ঘণ্টার পর ঘণ্টা পাম্পে দাঁড়িয়েও গ্যাস সংগ্রহ করতে পারছেন না। এতে গ্যাসের লোড সঙ্কটের কারণে এ সমস্যা তীব্র হয়েছে। ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসক ও বিক্রয়কারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। চলমান গ্যাস সংকট কাটাতে গত সপ্তাহে সিলেটের জেলা প্রশাসককে চিঠি দিয়ে ২৭শে জানুয়ারি মধ্যে বিষয়টির সুরাহার দাবি জানিয়েছেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়নুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকরা দিনভর অপেক্ষায় থেকে গ্যাস না পাওয়ায় অবরোধ করেছে। গ্যাসের দাবিতে তারা রোববার সিলেট নগরে মানববন্ধন করবেন। সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ জানিয়েছেন- চন্ডিপুল এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত অবস্থানে থেকে চালকরা গ্যাসের জন্য অপেক্ষা করছিলেন। সন্ধ্যা ৬ টা পর্যন্ত খুব কম সংখ্যক গাড়ি গ্যাস পেয়েছে। এ কারণে ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। গ্যাস লোডের কারণে এমনটি হচ্ছে বলে দাবি করেন তিনি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বিকালে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। কিন্তু দিনে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে বিকালে তেলিবাজার পাম্পটি বন্ধ হয়ে গেলে চালকরা ক্ষুব্ধ হয়ে পড়েন। সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে গ্যাস সরবরাহের অনুরোধ করি। পরে অবরোধ তুলে নিলে আমরা যান চলাচল স্বাভাবিক করি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: