ছবি : নিজস্ব
সিলেটের জৈন্তাপুরে মুক্তিযোদ্ধা বাবার রেখে যাওয়া বরই বাগান নিয়ে সফলতার স্বপ্ন দেখছেন তার একমাত্র পুত্র জালাল আহমেদ রাজু। গত জানুয়ারী মাসে জৈন্তাপুর উপজেলার আলুবাগান মোকামবাড়ী এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীরমুক্তিযোদ্ধা মন্তাজ আলি মৃত্যু বরণ করেন। তার রেখে যাওয়া চার বিঘা জমির উপর ২০২১ সালে লাগানো বরই বাগানটি এখন দেখাশোনা করেন তার একমাত্র ছেলে সদ্য কৃষি ডিপ্লোমা শেষ করা রাজু।
সরজমিনে রাজুদের বাগানে গিয়ে দেখা যায় বাগানের ফল সংগ্রহ ও পরিচর্যার কাজে ব্যাস্ত সময় পার করছে রাজু ও বাগানের কর্মচারীরা।
রাজু জানান, ২০২১ সালে মাত্র ৫০টি বরই চারা নিয়ে তার বাবা পরীক্ষামুলক ভাবে সবজী বাগানে বরই চারা রোপন করেন।
এক বছরে শতভাগ চারা পূর্ণাঙ্গ গাছ হলে পরের বছর আরো ৩৫০ টি চারা রোপন করেন। পরবর্তীতে ২০২৩ সালে একটি চারাও তাদের বাগানে মারা যাওয়া কিংবা নষ্ট হয়নি।
এই বাগান নিয়ে তার বাবা বীরমুক্তিযোদ্ধা মন্তাজ আলি অনেক স্বপ্ন দেখছিলেন। ২০২৩ -২৪ মৌসুমে প্রথমবার ফলন আসা ও বিক্রির লক্ষমাত্রা ছিলো তার বাবার। সে অনুযায়ী বাগানে পর্যাপ্ত পরিচর্যা, সার,কীটনাশক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী বাগান রক্ষণাবেক্ষণ করে ছিলেন। কিন্ত তার আকর্ষিক মৃত্যুতে বাগানের পুরো হাল ধরেন রাজু।
রাজু জানান, তিন বছরে প্রায় ৫ লক্ষ টাকা ব্যায় করে বরই বাগানকে পূর্ণাঙ্গ অবস্থায় পরিনত করা হয়েছে। চলতি মৌসুমে বাগানেই বরই বিক্রি শুরু করেছেন তিনি। তিনি জানান আগামী একমাস ঝড়বৃষ্টির পরিমান কম থাকলে প্রথম মৌসুমেই দুই থেকে আড়াই লাখ টাকার বরই বিক্রি করতে পারবেন তিনি।
তার বাগানে বর্তমানে বলসুন্দরী, বাউকুল ও আপেলকুল জাতের বরই রয়েছে। ফেইসবুক ও ইউটিউব দেখে ক্রেতারা বাগানে এসে সরাসরি গাছ থেকে পাড়া বরই কিনে নিচ্ছেন। তার বাগানের বরই এখন পর্যন্ত কোন বাজারের দোকান কিংবা আড়ৎ এ সরবরাহ করা হয়নি।
বর্তমানে দৈনিক ৫ জন শ্রমিক ৫০০টাকা মজুরীতে তার বাগানে কাজ করছে। সেই সাথে তিনি ও একজন বেতনভুক্ত কর্মচারী বারোমাস বাগান পরিচর্যা করে থাকেন বলে তিনি জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কি কি সুবিধা পেয়েছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে বাবা সবকিছু জানতেন। তিনি জানান প্রতি সপ্তাহে একজন উপ সহকারী কৃষি কর্মকর্তা আমার বাগানে এসে বিভিন্ন পরামর্শ দেন। বরই বাগানের পাশাপাশি ভুট্টা ও বিভিন্ন জাতের সবজী চাষ করেছেন বলে তিনি জানান। কৃষি অফিস থেকে তাকে একটি ভূট্টার প্রদর্শনী দেয়া হয়েছে।
রাজু বলেন যেহেতু বরই বাগান সহ আশপাশে ভুট্টা ও সবজী বাগান রয়েছে তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ভূর্তুকি মূল্যে একটি আধুনিক সেচ যন্ত্র ও উপকরণ পেলে তিনি বেশ উপকৃত হতেন। তিনি জানান সামনের মৌসুমে বরই বাগানের সংখ্যা আরো বৃদ্ধি করার লক্ষ্য রয়েছে তার।
এবিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার বলেন, আলুবাগান মোকামবাড়ী এলাকা বরই চাষের জন্য খুবই উপযোগী। সাধারণত বন্যামুক্ত তুলনামূলক উঁচু জায়গা হওয়ায় এখানে বরই চাষে কৃষকদের আগ্রহ বেশী। তিনি জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বরই চারা রোপন থেকে ফলন আসা পর্যন্ত সবধরনের পরামর্শ ও সাপোর্ট প্রদান করা হচ্ছে। তাছাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তারা প্রতি সপ্তাহে নিয়মিত বাগান পরিদর্শন ও পরামর্শ প্রদান করে আসছেন।
এম সি




