ছবি: নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বাজার এবং সারিঘাট বাজারে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ বাচ্চু বিড়ি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সাথে অব্যবস্হাপনার দায়ে কিছু প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে বারো ঘটিকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশ যৌথ ভাবে সারিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পাঁচ ব্যবসায়ীর নিকট থেকে নগদ পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্রান্ডের বিড়ি বিক্রি করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট শাখার সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে ভোক্তা অধিকার এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের যৌথ টিম সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান ও তল্লাশি চালায়।
অভিযানে জৈন্তাপুর বাজার এবং সারিঘাট বাজারের ৮টি দোকান থেকে রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত পঁচাত্তর হাজার পাঁচশত (৭৫,৫০০) শলাকা অবৈধ বাচ্চু বিড়ি জব্দ করা হয়।
অভিযানকালে পাঁচ ব্যবসায়ীর নিকট থেকে নগদ পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারির অনুরোধক্রমে অভিযান বন্ধ করা হয়।
অভিযান চলাকালে উক্ত বাজারের ব্যাবসায়ীদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং বাজার কমিটি নিশ্চয়তা দেন ভবিষ্যতে তাদের বাজারে এই রকম অবৈধ কোন জিনিস বিক্রি হবে না।
এর আগে বেলা ১১ ঘটিকায় অভিযানে জৈন্তাপুর পূর্ব বাজারে শাওন তানহা ভ্যারাইটিজ স্টোরকে ১৫ হাজার, রাজমহল সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, অভিযানে বিপুল পরিমান অবৈধ বিড়ি জব্দ করা হয়েছে। এসব নকল বিড়ি কোম্পানিগুলো দৈনিক বিপুল টাকার রাজস্ব ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের ব্যাবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।
এম সি




