ছবি: সংগৃহীত
সিলেটে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। হাদিসের ভাষায় এ রাতকে লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনীও বলা হয়। মূলত আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলে গণ্য করা হয়। সে হিসেবে রোববার (২৫ ফেব্রুয়ারি) শবে বরাত পালিত হচ্ছে। অনেকের কাছেই এ রাত ভাগ্য রজনী হিসেবেও বিবেচিত হয়। তাই সিলেটের মসজিদগুলোতে মহান আল্লাহর নৈকট্য লাভ ও ক্ষমার আশায় ঢল নেমেছে বিভিন্ন বয়সী মানুষের। কোরআন তেলাওয়াত, নফল ইবাদত-বন্দেগি, জিকির, দোয়া-মোনাজাত করে সময় পার করছেন তারা।
হোসাইন আহমেদ নামে আরেক যুবক বলেন, শবে বরাত উপলক্ষ্যে নামাজ পড়তে এসেছি। এ রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে দেন। তাই সুন্দর ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
এছাড়া রবিবার দুপুর থেকেই সিলেট মহানগরের সর্ববৃহৎ কবরস্থান মানিকপির টিলায় কবর জিয়ারত করতে আসেন মানুষ। তবে সন্ধ্যার পর বাড়তে থাকে ভিড়। রাত যত গভীর হয় মানুষের ঢল বাড়তে থাকে। এসময় নিরিবিলি স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কেউ কুরআন তেলাওয়াত করেন। আবার কেউবা অঝোরে কাঁদেন, কেউ দুই হাত তুলে কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে থাকা প্রিয় মানুষটির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ সৌভাগ্য। আরবিতে বলে ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রাত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে মুসলিম উম্মাহ।
এদিকে, পবিত্র শবেবরাত উপলক্ষে সিলেটে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে শাহজালাল (রহ.) এর মাজারে বিপুল পরিমাণ লোকের সমাগম হওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এম সি




