অল্পদিনে খ্যাতি পাওয়া গোলাপগঞ্জের আলভীনা গার্ডেনে পর্যটকদের সুবিধায় নতুন পরিকল্পনা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

অল্পদিনে খ্যাতি পাওয়া গোলাপগঞ্জের আলভীনা গার্ডেনে পর্যটকদের সুবিধায় নতুন পরিকল্পনা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০৫:২১:২৫ পূর্বাহ্ন

অল্পদিনে খ্যাতি পাওয়া গোলাপগঞ্জের আলভীনা গার্ডেনে পর্যটকদের সুবিধায় নতুন পরিকল্পনা

গোলাপগঞ্জের আলভীনা গার্ডেন।


প্রকৃতি মানুষকে সবসময়ই কাছে টানে। আদিকাল থেকেই প্রকৃতির সঙ্গে সহাবস্থান। কারো কাছে প্রিয় পাহাড়ের সবুজ মিতালি। কারো ভালো লাগে ঝর্ণার অপূর্ব সৌন্দর্য কিংবা সাগরের কলতান। যার কাছে যেটিই প্রিয় হোক না কেন ভ্রমণ পিপাসুদের জন্য পছন্দের তালিকায় প্রথমেই ওঠে আসে সিলেটের নাম। তাই পূণ্যভূমি সিলেটকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী। 

এবার সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অবস্থিত লক্ষনাবন্দ ইউনিয়নে আলভীনা আনারস বাগান। এটি সিলেটের গোলাপগঞ্জের নতুন আরেকটি পর্যটন স্পট। 

যেদিকে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। এ যেন এক সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে সারিবদ্ধ ভাবে আছে হাজার হাজার আনারস গাছ। আছে উঁচু-নিচু টিলা আর টিলার মাঝে সুশৃঙ্খল ভাবে করা হয়েছে আনারস চাষাবাদ। সুউচ্চ টিলা গুলোর উপরে উঠার সরু সিড়ি পথ আর ছোট বড় কয়েকটি টিলাবেষ্টিত আনারস বাগান, এক টিলা থেকে অন্য টিলায় ছুটে চলার আঁকাবাঁকা মেঠোপথ আপনাকে অন্যরকম অনুভূতি দেবে।

আপনার যদি শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি দূরে কোথাও যাওয়ার ইচ্ছে করে, যান্ত্রিক কোলাহলমুক্ত পরিবেশে একান্ত সময় কাটাতে চান তাহলে এই বাগানটি পছন্দের তালিকায় শীর্ষে রাখতে পারেন। কারণ প্রকৃতির সব সৌন্দর্যের সম্মিলন যেন এখানে ঘটেছে। দিগন্তজোড়া সবুজ টিলা গুলোতে আনারস গাছ, নীল আকাশের নিচে অপরূপ মায়াবি আভা এমন সব অন্তহীন সৌন্দর্য একাকার হয়ে আছে গোলাপগঞ্জের আলভীনা আনারস বাগানে।

অল্পদিনের মধ্যে আলভীনা গার্ডেনের খ্যাতি অনেক। বাগান করার পূর্বেও টিলার এলাকার জন্য এই জনপদ প্রাকৃতিক ভাবে সুন্দর ও সমৃদ্ধ। বাগানটি করার পর তা আরও বেশি সমৃদ্ধ হয়। বিশেষ করে এবছর বাগানটিতে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যাপক কাজ করেছে বাগান মালিক কর্তৃপক্ষ, বাগানের আলো-ছায়া ঘেরা নৈসর্গিক, নিরিবিলি পরিবেশে, আনন্দঘন মুহূর্তকে আরো স্মরণীয় করে তুলতে পর্যটকদের জন্য নতুন নতুন কিছু জিনিস সংযুক্ত করা হচ্ছে।

বাগানে এবছর দর্শনার্থীদের জন্য নতুন ভাবে যুক্ত হয়েছে দৃষ্টিনন্দন বাসার স্থান, দর্শনার্থী বসার  ছাউনি, সুউচ্চ টিলার চুড়ায় ক্যান্টিন, ছোট সোনামণিদের জন্য রয়েছে খেলাধুলার ব্যবস্থা, রয়েছে ছবি তোলার জন্য নিদিষ্ট স্থান ইত্যাদি। 

এছাড়া এখন থেকে আলভীনা গার্ডেনে - ইফতার মাহফিল, বিবাহের অনুষ্ঠান , গায়ে হলুদ, বৌভাত, বিবাহ বার্ষিকী, জন্মদিনের পার্টি, অফিসিয়াল মিটিং, সেমিনার, সমাবর্তন, পিকনিকসহ ছোট-বড় সব ধরনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদন করা যাবে।

অনেক ভ্রমণবিলাসী মানুষের কাছে আনন্দভ্রমণ কিংবা একটি সুন্দর বিকেল কাটানোর স্থান হিসেবে পছন্দের তালিকায় এই আলভীনা গার্ডেন। সিলেট শহর থেকে গোলাপগঞ্জ উপজেলার দূরত্ব একেবারেই কম হওয়ায় আলভীনা গার্ডেন দেখতে অনেক পর্যটকেরা ছুটে যান সেখানে। মাঝে মধ্যে দর্শনার্থীর ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় বাগান কর্তৃপক্ষকে।

গোলাপগঞ্জের আলভীনা গার্ডেনে রয়েছে নানা জাতের আনারস, তারমধ্যে, জাত হানি কুইন আনারস, আনারসটি খুবই সুগন্ধি। আনারস খেতে সুস্বাদু, আনারসটি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, অর্গানিক। দর্শনার্থীরা ও ব্যবসায়ীরা পিছ ও হালি হিসাবের অর্ডারর করতে পারবেন।আপনারা চাইলে বাগান ঘুরে দেখেও নিতে পারেন আনারস।

গোলাপগঞ্জ উপজেলার মধ্যে হোম ডেলিভারি দেওয়া যাবে, ডেলিভারি চার্জ প্রযোজ্য। 

তাছাড়া অন্যান্য অঞ্চলে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পাটানো হবে বলে জানান মালিকপক্ষ।

আলভীনা গার্ডেনে যদি ভ্রমণে আসেন তাহলে এই বাগানের আনারস দিয়ে তৈরি টক-ঝাল-মিষ্টির স্বাদে আনারসের আচার কিংবা আনারসের জুস খেতে ভুলবেন না।

আলভীনা গার্ডেন এ প্রবেশাধিকার বিনামূল্যে থাকলেও এবছর দর্শনার্থীদের জন্য ২৫ টাকার টিকিট বাধ্যতামূলক এবং গাড়ী পার্কিং এর জন্য রয়েছে নির্দিষ্ট কিছু জায়গা।

আলভীনা গার্ডেন প্রথমে বাণিজ্যিক ভাবে গড়ে তোলা হলেও মানুষের কাছে এটি অল্প সময়ে পর্যটন কেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। তাই বাগানের মালিক পক্ষ থেকেও একটি আদর্শ পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 

বাগানের পরিচালক আব্দুর রব রুবেল বলেন, এ বছর বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যাপক কাজ হয়েছে এবং আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে সুন্দর রূপরেখার মাধ্যমে আলভীনা গার্ডেনটি ঘিরে একটি ভালো মানের রিসোর্ট নির্মাণের। যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে রাত্রিযাপন এবং সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন দিবস উপলক্ষে সময় কাটাতে করতে পারেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: