প্রতিকী ছবি
সিলেট-তামাবিল সড়কের খাদিম এলাকায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান।
নিহত পপি রানী তালুকদার (২৯) নেত্রকোণার মোহনগঞ্জ থানার বল্লবপুর গ্রামের পাবেল সরকারের স্ত্রী। তিনি সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা ছিলেন।
ওসি হারুনুর রশিদ বলেন, দুই শিশু সন্তান নিয়ে পপি তার স্বামীর সঙ্গে সিলেট সদর উপজেলা পরিষদের কোয়ার্টারে থাকতেন। সকালে নগর ভবনে যাওয়ার জন্য বাসা থেকে বের হন পপি।
এ সময় রাস্তা পার হতে গেলে জাফলংগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মারা যান।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ওই মাইক্রোবাসটি খোঁজ এখনো চলছে।
সিসিক মেয়রের শোক
সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার অফিস সহকারি পপি রানী তালুকদার (২৯) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় গভীর শোক জানিয়েছেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, পপি রানী তালুকদার একজন সৎ এবং পরিশ্রমি অফিস সহকারি ছিলেন। অফিসে আসার পথে সিলেট-তামাবিল সড়কের খাদিম এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
জৈন্তাবার্তা/জেএ




