ফাইল ছবি
বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোম্পানীগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত ৩ ও ৪ আগস্টের সেই ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মাওলানা হোসাইন আহমদের পুত্র জুবায়ের আহমদ ইমরান।
কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন ও সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানাকে আসামি করা হয়েছে।
জানা যায়, আসামির তালিকায় উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল হক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলী, আজিম উদ্দিন মেম্বার, জামাল উদ্দিন জামাল মেম্বার, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, মজনু মিয়া, নাঈম মোহাম্মদ শহিদ তালুকদার, সাইফুল মিয়া, নবী হোসেন, রাসেল আহমদ, সাইফুল ইসলামসহ ৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। তবে, পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩ ও ৪ আগস্ট উপজেলা সদরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা পিছন থেকে হামলা চালান। তারা ইটপাটকেল ছুঁড়ে এবং ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রজনতার মিছিলকে ধাওয়া করে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
এদিকে, ঘটনার সাথে সম্পৃক্ত নন এমন অনেকে মামলায় আসামি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আবার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় উপজেলার প্রভাবশালী কয়েকটি পরিবারের সদস্যদেরও মামলায় আসামি করা হয়নি। এ নিয়ে উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ মামলার ৩০ নম্বর আসামি উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র এনামুল হক নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তাকে পরিকল্পিতভাবে আসামি করা হয়েছে। মামলাটি সাজাতে বাদীকে সহায়তাকারী এক ব্যক্তি ব্যক্তিগত শত্রুতা মেটাতে এ কাজ করেছেন।
শাহরিয়ার আহমেদ নামে চিকাডহর গ্রামের এক যুবক জানান, ছাত্র আন্দোলনের পক্ষে মাঠে ছিলাম। অথচ মামলার ৭৫ নম্বর আসামি আমার বাবা আঞ্জু মিয়া। তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না এবং ছিলেন না। মামলার ১ নম্বর আসামির পুত্র দিলোয়ার মাহমুদ রিপন বলেন, মামলায় আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমি নিশ্চিত করে বলতে পারি, এই মামলা সম্পর্কে স্থানীয় বিএনপি-জামায়াত ও প্রকৃত কোন ছাত্র জানেনা। আওয়ামী লীগেরই কিছু সুযোগসন্ধানী এই কাজটি করেছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




