সংগৃহীত
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
তিনি বলেছেন, ‘এই ধরনের কর্মকাণ্ডের দায় সম্পূর্ণ ওই কর্মকর্তার ব্যক্তিগত, বাহিনী কখনো এর দায় নেবে না।’
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, ‘যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন, এটা তার ব্যক্তিগত দায়। তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন এবং এই ক্ষেত্রে বাহিনীর কোনো দায় নেই। বাহিনী কখনো তার দায় নেবে না। এটি তার ব্যক্তিগত দায় হিসেবেই গণ্য করা হবে।’
হাসান মো. শওকত আলী জানান, গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে একটি মামলার এজাহার আসে এবং পাঁচলাইশ থানায় তা দাখিল করা হয়। যেহেতু এটি রাষ্ট্রদ্রোহের মামলা, সেহেতু আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। সেই অনুমোদন নেওয়ার পরই পাঁচলাইশ থানায় নিয়মিত মামলাটি রুজু করা হয়।
মামলা রুজু করার পরপরই এসপি জাহাংগীরকে গ্রেপ্তার করা হয় জানিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। এই রাষ্ট্রদ্রোহ মামলার তদন্তও সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট করবে এবং নিয়ম অনুযায়ী আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ সময় যেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন, তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন হাসান মো. শওকত আলী।
এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এসপি জাহাংগীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও বলা হয়েছিল।
উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের এই মামলাটি করেন। পরে নগরের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাংগীর। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
জৈন্তাবার্তা/ সুলতানা




