ছবি : নিজস্ব
শেখ হাসিনা সরকারের পদত্যাগের দিন গত ৫ আগস্ট বিয়ানীবাজার থানায় হামলা, অগ্নি সংযোগ ও লুটপাটের সময় পুলিশের একটি শটগান ও একটি চায়না রাইফেল লুট হয়। দুটি আগ্নেয়াস্ত্র, কয়েকশ রাউন্ড গুলি, ২১ ল্যাপটপসহ এ ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। পুলিশ লুট হওয়া অস্ত্র ফেরৎ পেতে বার বার আহবান জানালেও সেগুলো এখনো ফেরৎ আসেনি।
বিয়ানীবাজার থানা পুলিশের সদস্যরা গত ১২ আগস্ট বিকালে কাজে যোগদান করেন। এ সময় থানার ক্ষয়ক্ষতি নিরুপন এবং লুট হওয়া সরকারি সম্পদের একটি তালিকা করে থানায় সাধারণ ডায়রি করেছেন। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় অস্ত্রসহ জরুরী মালামাল লুট হওয়ার বিষয়ে কোন অভিযোগ দায়ের করা হয়নি।
থানা সূত্রে জানা যায়, পুলিশ কাজে যোগ দেয়ার পর গত ১৩ আগস্ট থেকে গতকাল ১৮ আগস্ট পর্যন্ত থানায় ২০টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব অভিযোগের বেশিরভাগ মারামারি ও দুই পক্ষের বিরোধের। যা তদন্ত করছে পুলিশ। এছাড়া থানায় সার্ভার উপাযোগী হওয়ায় গত ১৭ আগস্ট থেকে সাধারণ ডায়রি গ্রহণ করছে পুলিশ। ১৮ আগস্ট দুপুর পর্যন্ত ৪টি ডায়রি নথিভুক্ত করা হয়েছে। এসব ডায়রির বেশির ভাগা হারানো বিজ্ঞপ্তি। তবে গত ৫ আগস্ট থানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত ৩জনের পরিবার থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
থানার অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে জানিয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, থানার প্রায় ৫ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই কাজ করবো। লুট হওয়া মালামাল অনেকেই ফেরত দিচ্ছেন তবে অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। লুন্ঠিত অস্ত্রসহ সকল জিনিসপত্র উদ্ধারে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
জৈন্তাবার্তা/ মনোয়ার




