ফাইল ছবি
সিলেটের সাংবাদিকতা অঙ্গনের আরেকটি বিষাদময় দিন ছিলো গতকাল। বাসসের সিলেট ব্যুরো প্রধান, অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মকসুদ আহমদ মকসুদ শুক্রবার রাতে সিলেট নগরের মদীনা মার্কেট এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আমাদের থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। আর সে বিদায়ের খবর যখন মানুষের কানে কানে পৌছে তখন যেন প্রিয়জনদের আশপাশ বিষাদে ছেঁয়ে যায়। তেমনি আমারও।
ঘুম থেকে উঠে মোবাইল ফোন অন করে ফেসবুকে ঢু মারতেই অবিশ্বাস্য খবর। সহকর্মী নূর আহমদ লিখেছেন মকসুদ আহমদ নাকি মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার স্ট্যাটাসে ‘নাকি’ শব্দটি দেখে আমিও দ্বিধায় পড়ে যাই। আগের রাতে এরকম এক স্ট্যাটাসে সিলেটে তোলপাড় হয়েছে। সমাজসেবী মিজান আজিজ সুইট মারা গেছেন মর্মে একটি গুজব রটে । পরক্ষণে জানতে পারি এ খবর মিথ্যা। রাতে স্বস্থিতে ঘুমালেও দিনের শুরুটায় মকসুদের মৃত্যু সংবাদ আমাকে দারুণ ভাবে ব্যথিত করে। একই সময় একটি স্ট্যাটাসে দেখতে পাই ছড়াকার সিরাজ উদ্দিন শিরুল হার্ট অ্যটাক করেছেন। চার সপ্তাপহ থেকে মনটা এমনিতেই খারাপ।
জৈন্তাবার্তা’র এক সময়ের কম্পিউটার অপারেটর অমিত দাস শিবুর মৃত্যু শোক কাটতে না কাটতেই অনুজপ্রতীম সহ কর্মী তুরাব পুলিশের গুলিতে মারা যান। তুরাবের মৃত্যু শোক কাটানোর আগেই গোলাপগঞ্জের সাংবাদিক অজামিল চন্দ্র নাথ এবং আমার বন্ধু নজরুল ইসলাম জীবন মৃত্যুর সন্ধিক্ষনে চলে যান। নজরুল সুস্থ হয়ে বাসায় ফিরলে অজামিল দা এখনও কোমায় আছেন ওসমানী হাসপাতালে। গত তিন সপ্তাহ সকাল বিকেল তাকে নিয়েই দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে যে শিরুল আমাকে ফোনে কল দিয়ে তাঁর দোকানে নিয়ে নিজ হাতে চা বানিয়ে খাওয়ালো সেই শিরুল রাতে সিসিউতে। তার ফোনে কল দিয়ে পুত্র কাব্য’র কাছ থেকে জানলাম হার্ট অ্যাটাক করেছেন। আমার এ ছোট ভাইটির খবরে যখন স্তম্ভিত তখনই মকসুদের খবর পেলাম। কিছুতেই হাত পা স্থির করতে পারছিলাম। না। এক অজানা আতংক যেন কিছুক্ষণ আমাকেও ভর করেছিলো। আমার সব আপন মানুষগুলোর কী হলো? কেমন আপন তা কেবল তারাই জানেন যাদের সঙ্গে আমার সম্পর্ক আছে।
আওয়ামীলীগ যখন ক্ষমতার বাইরে ছিলো তখন আবুল মাল আব্দুল মুহিত সিলেটের রাজনীতিতে সরব হন। সে সময় আমি জালালাবাদের টেবিলে কাজ করতাম। মকসুদ আহমদ মকসুদ প্রতিদিন মুহিত সাহেবের সারাদিনের তৎপরতার প্রেস বিজ্ঞপ্তি লিখে যেতেন অফিসে অফিসে। তার পরিশ্রম দেখে আমার খারাপ লাগতো। আমাকে প্রথম প্রথম ফয়সল ভাই ডাকতেন। পরে বন্ধুও ডাকতেন। এইতো ক’দিন আগ পর্যন্তও আমাকে দেখলে বলতেন ‘বন্ধু কইবা। কোনো খবর নাই। মুহিত সাহেবের প্রেস রিলিজ নিয়ে যাবার সময় মাঝে মধ্যে অফিসে বসিয়ে চা খাওতাম। তখন বলতেন একটা ভালো মানুষ পেয়েছি। তাঁর সঙ্গে কাজ করছি। যদি তিনি কিছু হন তবে আমিও কিছু হবো। এটা বিশ্বাস রেখো। তখন উপকার পাবে। কোনোদিন কোনো উপকারের প্রয়োজন পড়েনি আমার। কিন্তু মকসুদ তাঁর কর্মের মুল্যায়ন পেয়েছিলেন। সিলেট আওয়ামীলীগের জন্য মকসুদ নিজেকে অনিবার্য করে তুলেছিলেন। যে কারণে আওয়ামীলীগ ক্ষমতায় যাবার পর রাষ্ট্রীযয় সংবাদ সংস্থা বাসস-এ কাজ করার সুযোগ পান। পরে সিলেট অফিসের পুরো দায়িত্বই পান মকসুদ। যা মুত্যুর আগ পর্যন্ত অব্যাহত ছিলো। যদিও সবখানে এখন পদত্যাগ আর অব্যাহতির মৌসুম চলছে তখনও মকসুদের বাসস- এর দায়িত্ব পালন নিয়ে কোনো প্রশ্ন উঠেনি। কেউ তাকে সেখান থেকে সরাতেও যায়নি। বা চায়নি। এটাই মকসুদের বড় প্রাপ্তি।
আমি যখন ২০২০ সালে ওয়ান বাংলা টিভির কাজ শুরু করি তখন প্রায় দিনই সকালে ‘সিলেটের সংবাদপত্র’ অনুষ্ঠানে আলোচনার জন্য একজন অতিথি ডাকতে হতো। মকসুদকে যতদিন ডেকেছি তিনি আমার ডাক উপেক্ষা করতে পারেননি। সকাল ৮ টাতেই আমার স্টুডিতে উপস্তিত হতেন।এমনকি করোনাকালেও যখন মানুষ ঘর থেকে বের হচ্ছিলো না তখন মকসুদ আমাকে সময় দিতে কার্পণ্য করেননি। কঠোর লকডাউনের সময় একদিন স্টুডিওতে না আসতে পেরে আমাকে তার বাড়ি থেকে রেকর্ড করে বিষয় ভিত্তিক আলোচনা পাঠিয়েছিলেন। সেদিন সিলেটের সকল পত্রিকায় বাদাঘাট বাইপাস সড়ক নিয়ে নানা রকমের রিপোর্ট প্রকাশ হয়েছিলো। মকসুদ সেদিন বাদাঘাট বাইপাস সড়ক নিয়ে যে বক্তব্য রেকডর্ করে পাঠিয়েছিলেন তাতে এ সড়ক নিয়ে তার শ্রম,এলাকার মানুষের প্রচেষ্টা, আর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর ইচ্ছার পুর্ণ বিবরণ দিয়েছিলেন। আমি সেদিন বুঝতে পারি মকসুদ শুধু সাংবাদিকতায় ভালো করেননি, একজন রাজননৈতক কর্মীর যে গুণ থাকা দরকার তা মকসুদের মধ্যেই বিদ্যমান ছিলো। যে কারণে রাজনীতি আর সাংবাদিকতার দুই গলিপথে একসঙ্গে হেঁটেও কখনও লাইনচ্যুত হননি মকসুদ।
আর সে গুণের প্রমান পেলাম গতকাল তার শেষ বিদায়ের কালে জানাজায় শরীক হয়ে। জুমার নামাযের আগেই মইয়ারচরে মকসুদ আমদের বাড়িতে গিয়ে উপস্তিত হই। সঙ্গে হিরা ভাই। লাশ দেখে মসজিদে এসে যখন উপস্থিত হলাম তখনও জানাজার বাকী প্রায় আধঘন্টা। মসজিদে বয়ান চলছিলো। তিনতলা বিশিষ্ট বিশাল মসজিদের কোথাও তিল ধারণের ঠাই নেই । দূর-দুরান্ত থেকে বহু শুভার্থী এসেছেন মকসুদ ভাইকে বিদায় জানাতে। সবাই চোখেই জল ঝরছে ক্ষণে ক্ষণে। বিশেষ করে মসজিদের ইমাম সাহেব যখন বয়ান করছিলেন তখন বার বার তিনি মকসুদ আহমদের একটি গুণের কথা বলতে শোনা যায়। মকসুদ ভাই ছিলেন বিনয়ী স্বভাবের মানুুষ। আমি এবং মোয়াজ্জিন সাহেবরা তাঁর সঙ্গে একামস খেয়েছি। সব সময় তাঁর মুখে হাসি থাকতো। হাসিমুখে তিনি কথা বলতেন মানুষের সঙ্গে। আর যেন বিদায়ও নিলেন হাসিমুখে। ইমাম সাহেব বললেন, এটি আল্লাহর রাসুলের সবচেয়ে বড়ো গুণ ছিলো। যে কারণে মকসুদ ভাই শুক্রবার রাতে তাহাজ্জুদের সময় আমাদের কাছ থেকে বিদায় নিলেন। জুমাবার দিনে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা হচ্ছে। তিনি আল্লাহর প্রিয় বান্দাা হওয়ার কারণেই এমন দিনে তার মুত্যু। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
শুদু ইমাম সাহেব নন, মকসুদের অনেক গুণের কতা আমাদের অনেকেরই জানা। মুক বধির প্রতিবন্ধূীদের নিয়ে তিনি কাজ করতেন। তাঁর একটি সংস্থাটি ছিলো এসব অসহায় মানুষ নিয়ে। যাদের কল্যাণে নিরবেই কাজ করতেন মকসুদ আহমদ।
ইমাম সাহেবের বক্তব্যের পর জুমার নামায শেষে জানাজার প্রস্তুতি চলছিলো। আওয়ামীলীগ-বিএনপিসহ বিভিন্ন দলমতের মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। তখন সেখানে সিলেট নগরের মকসুদ আহমদের প্রিয়জনেরা তার স্মৃতি চারণ করেন। যার হাত ধরে মকসুদ আহমদ সাংবাদিকতা শুরু করেন সেই লেখক-সাংবাদিক সেলিম আউয়াল তাঁর বক্তব্যে স্মৃতি চারণ করে বলেন, মকসুদ ভিষণ বিনয়ী এবং কৃতজ্ঞতাবোধ সম্পন্ন এক মানুষ ছিলেন। যার কারণে তিনি সকল মহলে প্রিয় ছিলেন। সরকারী দলের লোক হয়ে তিনি বিরোধী মতের নেতাকর্মী আর লোকজনের সঙ্গে উত্তম আচরণ করতেন। যে কারণে জানাজায় সবশ্রেণী পেশার মানুষজন উপস্থিত হয়ে কাঁদছেন। মকসুদের বড় ছেলের বক্তৃতার সময় কান্নার রোল ওঠে পুরো মসজিদ জুড়ে।
সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকও মকসুদ আহমদের গুণের বর্ণনা করে বলেন, সে তার কর্মের মাধ্যমে সকলের হৃদয়ে ঠাই করে নিয়েছে। জেলা বিএনপি নেতা তারেক কালাম তাঁর বক্তুতায় বলেন, মকসুদ বৈরী সময়ে তাদের খোঁজ খবর রাখতেন। সুবিধা অসুবিধায় পাশে থাকতেন। স্থানীয় কাউন্সিলর, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমন তার বক্তৃতায় মকসুদ আহমদকে ‘প্রিয়জন’ উল্লেখ করে বলেন, আমরা অভিভাবকহীন হয়ে গেলাম। সেখানে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত চৌধুরী, বিএনপি নেতা আবুল কাশেম, সাংবাদিক নূর আহমদসহ অনেকেই স্মৃতি চারণ করেন। সেখানে উপস্থিত থেকে আমার কাছে মনে হলো যে কোনো মানুষেরই তো মৃত্যু হয়। মৃত্যুর সময় আসে। কিন্তু জীবনে স্বার্থকতা পেতে হলে একটি স্বার্থক জীবন তৈরী করতে হবে। রেখে যেতে হবে অমর কীর্তি। ৫০ বছরের জীবনে মকসুদ আহমদ স্বার্থক জীবন পেয়েছিলেন। যার প্রতি পদে পদে তিনি তাঁর কর্মের স্বাক্ষর রেখে গেছেন। যা মানুষের হৃদয়ে চির জাগরুক থাকবে অনন্তকাল। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।
লেখক: নির্বাহী সম্পাদক, দৈনিক জৈন্তা বার্তা
জৈন্তাবার্তা/ মনোয়ার




