ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘আবাসিক হলে অবস্থান করা’ শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের পদধারী নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টি জানিয়েছেন বৈষম্যবিরোরোধী আন্দোলনে সক্রিয় শিক্ষার্থীরা। শনিবার বিকাল সাড়ে ৫টায় মুক্তমঞ্চে ডাকা এক সমাবেশে এ বিষয়ে কথা বলেন গণিত বিভাগের ছাত্র মো. সাজ্জাদ হোসেন।
সাজ্জাদ বলেন, আজ দুপুরে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের অনেক পদধারী নেতাদের দেখা গিয়েছে। আমরা সমন্বয়কদের কার্যক্রমের বিরুদ্ধে কথা বলছি, এর মানে এই নয় যে আপনাদেরকে (ছাত্রলীগকে) জায়গা করে দিচ্ছি।’ এসময় তিনি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্তদের সবাইকে হল ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
এসময় ‘মিছিলে ছাত্রলীগের পদধারীদের উপস্থিতি থাকার’ বক্তব্য আসার পর সমাবেশে থাকা শিক্ষার্থীদের থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এদিকে ক্যাম্পাসে প্রশাসন না থাকায় দুপুরে ডাকা সমাবেশে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা দায়িত্ব নিয়ে আবাসিক হলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
ওই সমাবেশে বক্তরা আরও বলেন, ‘আমরা হলে থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, এরপরে যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে আমরা নিজেদের দায়ভার নিজেরা নিব এবং ক্যাম্পাসকে নিরাপদ রাখবো। আমরা কেউ হল ত্যাগ করতেছিনা।’ প্রয়োজনে প্রতিনিধি দল গঠনের কথা বলেন তারা।
গত বৃহস্পতিবার মধ্যরাতে দুর্বৃত্তদের মোটরসাইকেলের মহড়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত তিনটার দিকে সেনাবাহিনী এসে হলের অবস্থান করা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বাস দেন। পরেরদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন নয়াবাজার থেকে টিলারগাঁও এলাকায় একটি মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। এতে স্থানীয়রা ভারতবিরোধী, ছাত্রলীগ ও আওয়ামীলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে রাতে নিরাপত্তার স্বার্থে হল ছাড়ার সিদ্ধান্ত আসে হলে অবস্থান করা কতিপয় ছাত্র, শিক্ষক ও সমন্বয়কারীদের পক্ষ থেকে। কিন্তু হলে অবস্থানকারী অনেকেই নানা সমস্যায় আছেন জানিয়ে হল না ছাড়ার সিদ্ধান্ত নেন।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে হলে থাকার সিদ্ধান্ত নিলেও ইতিমধ্যে শিক্ষার্থীদের কেউ কেউ আবাসিক হল ত্যাগ করেছেন।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর অনেকেই হলে উঠেন। ৮ই আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টবডি, প্রক্টরিয়াল বডি, উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ পদধারীরা পদত্যাগ করেন। এতে গত ১৫ দিন ধরে অভিভাবকহীন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের হল-ক্যাম্পাস।
জৈন্তাবার্তা/ মনোয়ার




