ফাইল ছবি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। তাঁর নাম মো. নিজাম উদ্দিন।
তিনি উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বিজয়পাড়ুয়া গ্রামের মো. আলাউদ্দিনের পুত্র।
সোমবার রাত ৭টার দিকে উৎমা বিজিবি ক্যাম্পের পাশে আদর্শগ্রামের সীমান্তবর্তী ১২৫৬ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত নিজামকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, চিনি আনতে ভারত গিয়েছিল। এরপর গুলিবিদ্ধ অবস্থায় নিজামকে পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, উত্তর রনিখাই ইউনিয়নে সক্রিয় বেশ কিছু চোরাকারবারি। তারা বিজিবিকে ম্যানেজ করে প্রতিদিন চিনির চালান নিয়ে আসছে। আজও (সোমবার) কয়েকজন চোরাকারবারি ভারত থেকে চোরাইপথে চিনি আনতে যায়। তাদের সাথে নিজামও ছিল। সারাদিন তারা ১২ শ' বস্তা চিনি বাংলাদেশে নিয়ে আসে। রাত ৭টার দিকে বিএসএফ গুলি চালালে নিজাম আহত হয়।
ওই সূত্র আরও জানায়, ১২ শ' বস্তা চিনির মালিক মাঝেরগাঁওয়ের তোফায়েল, বাবুল ও কামালের। তারা পারিশ্রমিকের বিনিময়ে অনেক যুবককে ভারতে পাঠায়। সীমান্ত অতিক্রম করতে বস্তা প্রতি ৫০ টাকা করে নেয় বিজিবি।
জানতে চাইলে বিজিবির উৎমা বিওপি কমান্ডার মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, সীমান্ত পাড়ি দিয়ে চিনি আনতে গিয়েছিল নিজামসহ কয়েকজন যুবক। ফেরার পথে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




