তামাবিল স্থলবন্দরের সর্ববৃহৎ আমদানি-রপ্তানিকারকদের সংগঠন তামাবিল কয়লা চুনাপাথর আমদানি-রপ্তানিকারক গ্রুপের ব্যবসায়ী সমন্বয়কের মনোনীত ১৩ জন সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
সমন্বয়ক হেনরী লামিনকে প্রধান সমন্বয়কারী হিসেবে চলতি মাসের প্রথম সপ্তাহে নিযুক্ত করে উপদেষ্টা পরিষদ। হেনরী লামিন সমন্বয়কের দায়িত্ব পাওয়ার পর আমদানি বন্ধ থাকা চুনাপাথরের আমদানি কার্যক্রম স্বাভাবিক করেন। এরপর বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নিজ স্বাক্ষরিত গ্রুপের অফিসিয়াল প্যাডে ১৩ জন ব্যবসায়ীকে সমন্বয়কারী কর্তৃক মনোনীত সহযোগী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী গ্রুপের অফিসিয়াল ফেসবুক পেইজে নতুন মনোনীত ১৩ জন সদস্যের নাম প্রকাশিত হয়।
১৪ সদস্য বিশিষ্ট কমিটির সমন্বয়ক হিসেবে আছেন হেনরী লামিন। বাকি ১৩ জন হলেন- সাবেক জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম শাহপরান, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ব্যবসায়ী ফখরুল আলম, আবদুল মন্নান, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, মোহাম্মদ কবির উদ্দিন, আবুল হাসিম, আব্দুল আলিম, মো. শাহ্ রব মিয়া, জাহিদ খান, আবুল কাশেম, ইসমাইল হোসেন ও নাজিম খাঁ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তামাবিল স্থলবন্দরের সাবেক কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ক্ষমতাচ্যুত করেন সাধারণ ব্যবসায়ীরা। এরপর থেকে কমিটিবিহীন তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ ছিল।
পরে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে দেওয়ার পর হেনরী লামিনকে সমন্বয়ক করে দায়িত্ব প্রদান করা হয় চলতি মাসের প্রথমে। পরে দায়িত্ব পেয়ে গত ৯ সেপ্টেম্বর এক মাসেরও বেশি সময় আমদানি বন্ধ থাকা চুনাপাথর আমদানির কার্যক্রম স্বাভাবিক করেন তিনি।
এদিকে, ব্যবসায়ী সমন্বয়কের পাশাপাশি ১৩ জন প্রতিনিধি সদস্যের মাধ্যমে তামাবিল স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্থলবন্দরের সাধারণ ব্যবসায়ী, পাথর ও পরিবহন শ্রমিকেরা।
জৈন্তা বার্তা / আরআর




