সিলেটের জৈন্তাপুরে ২৩ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। এ ঘটনায় চিনি বহনকাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম হোসেন আহমেদ (৪৮)। তিনি নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষীপ্রসাদ গ্রামের মৃত মোবারক আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গিল ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে জাফলং থেকে আগত একটি ডিআই পিকআপ গাড়িতে (সিলেট মেট্রো-১১-০৪২২) তল্লাশি চালিয়ে ২৩ বস্তা (১১২৭ কেজি) চিনি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ১২ হাজার ৭০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটককৃত আসামিকে রবিবার পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা / আরআর




