বিশ্বনাথের ঐতিহ্যবাহী খাজাঞ্চি ইউনিয়নের আদ্যোপান্ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

বিশ্বনাথের ঐতিহ্যবাহী খাজাঞ্চি ইউনিয়নের আদ্যোপান্ত

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ০২:০৪:৪৮ পূর্বাহ্ন

বিশ্বনাথের ঐতিহ্যবাহী খাজাঞ্চি ইউনিয়নের আদ্যোপান্ত


খাজাঞ্চি ইউনিয়ন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন, যেটি গঠিত হয় ১৯৫৯ সালের তখনকার পূর্ব পাকিস্তান আমলে। এই ইউনিয়নের আয়তন ৬৭৫৪ বর্গকিলোমিটার বা একর। বিশ্বনাথ উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার উত্তর পূর্ব সীমান্তে এর অবস্থান। চতুর্দিকে রয়েছে- পূর্বে কামালবাজার ইউনিয়ন, পশ্চিম-উত্তরে লামাকাজি ইউনিয়ন, দক্ষিণে ৩নং অলংকারি ও রামপাশা ইউনিয়ন এবং উত্তর-পূর্বে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন। 

খাজাঞ্চি ইউনিয়নে বর্তমানে মোট জনসংখ্যা ৩৩ হাজারের উপরে। সাম্প্রতিক তথ্য বলছে, মোট জনসংখ্যার অর্ধেকের চেয়ে কম হচ্ছে পুরুষ এবং অর্ধেকের চেয়ে বেশি নারী। ১৫,৫০৮ জন পুরুষের বিপরীতে ১৮,০৩৮ জন নারী জনসংখ্যার মধ্যে জনঘনত্ব ও বসবাসের হিসাব বলছে, প্রতি বর্গকিলোমিটারে ৫.০ জন নারী-পুরুষ বসবাস করছেন।

কৃষিপ্রধান এবং শাকসবজি উৎপাদনে বিখ্যাত এই এলাকা এখন অনেকটাই প্রবাসনির্ভর হয়ে উঠেছে। ঘরে ঘরে এখন এক-দুইজন মানুষ বিশ্বের বিভিন্ন স্থানে কর্মরত রয়েছেন। প্রবাসনির্ভর হলেও কৃষির জৌলুশ এখনও আগের মতোই আছে। প্রচুর শাক-সবজি উৎপাদনের পাশাপাশি সমতল এই ইউনিয়নে ধান, মৎশয় ও পশুসম্পদের উৎসের ব্যাপকতা এখনও আছে। 

আধুনিকতার ছোয়ায় যতটুকু জীবনমানের উন্নতি হওয়ার কথা, এখানে ততটুকু হয়নি। যোগাযোগ ও শিক্ষা ক্ষেত্রে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে এই ইউনিয়ন। বর্তমান সময়ে এই ইউনিয়নের স্বাক্ষরতার হার দেখলে চমকে উঠতে হয়। সব মিলিয়ে এখনও স্বাক্ষরতার হার মাত্র ৪০.৭১ শতাংশ। অনুন্নত গ্রামীণ জীবন, যোগাযোগ ও অবকাঠামোগত শিক্ষাব্যবস্থায় উন্নতি না হওয়া শিক্ষা ক্ষেত্রে এমন পিছিয়ে পড়ার কারণ হিসেবে দেখেন বোদ্ধারা। শিক্ষার উন্নতি ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়- এমন নীতিবাক্যে মনোযোগ দিয়ে অত্র এলাকার শিক্ষা ক্ষেত্রে নজর দেওয়ার তাগিদ সচেতন মহলের। 

সর্বমোট ৮১টি গ্রাম নিয়ে ৯টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এই ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র ২০টি। মাধ্যমিক বিদ্যালয় ৩টি, আলীম মাদরাসা ২টি, হাফিজিয়া মাদরাসা ৭টি, কিন্ডারগার্টেন ৭টি, ইবতেদায়ী ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে ৫টি'র বেশি। এশিয়া উপমহাদেশের বিখ্যাত কওমী মাদরাসা জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামপুর মাদরাসা এই ইউনিয়নের ঐতিহ্য বহন করে চলেছে শত বছর ধরে। ৮১টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নে মসজিদের সংখ্যা ৯৫ এর অধিক, ঈদগাহ রয়েছে ৪টি এবং মন্দির আছে ৭টির বেশি।

উক্ত ইউনিয়নে মোট বাজারের সংখ্যা ৭টি। আটগ্রাম বাজার, নয়াবন্দর বাজার, রেলওয়ে স্টেশন বাজার, প্রীতিগঞ্জ বাজার ও হাজিগঞ্জ বাজারের সাথে বড় দুটি বাজারের স্থান দখল করে আছে মুফতি বাজার ও রাজাগঞ্জ বাজার। 

প্রায় ৯ কিলোমিটার রেলপথ রয়েছে এই ইউনিয়নে। একটি পূর্ণাঙ্গ রেলস্টেশনও আছে। পশ্চিম প্রয়াগমহল নামে রয়েছে একটি ভূমি অফিসও।

৯টি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে গ্রাম রয়েছে ৮টি, ২নং ওয়ার্ডে ৫টি, ৩নং ওয়ার্ডে ৬টি, ৪নং ওয়ার্ডে ৯টি, ৫নং ওয়ার্ডে ১৪টি, ৬নং ওয়ার্ডে ১৬টি, ৭নং ওয়ার্ডে ৬টি, ৮নং ওয়ার্ডে ৪টি এবং ৯নং ওয়ার্ডে গ্রাম রয়েছে মোট ১৩টি।

যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে পড়া এই ইউনিয়নে আরএইচডি রোড আছে মাত্র প্রায় দেড় কিলোমিটার। এলজিইডি রোড আছে ৫টির বেশি, যার দৈর্ঘ্য হবে প্রায় ২২ কিলোমিটার। কাঁচা রাস্তা রয়েছে ৩০টির বেশি, যার দৈর্ঘ্য হবে প্রায় ৪৫ কিলোমিটার। 

অত্র ইউনিয়নে নদীপথের সংখ্যা মাত্র ১টি হলেও ছোট-বড় খালের সংখ্যা ১২টির বেশি। সুরমা নদীর একটি শাখা নদী মাকুন্দা নদী নাম ধারণ করে বয়ে গেছে ভাটির দেশে।

দর্শনীয় স্থান ও সম্পদের তালিকায় আছে খাজাঞ্চি রেলওয়ে ব্রিজ, রেলস্টেশন, শিতলীবাড়ি মন্দির, চন্দগ্রামের রাজরাজেশ্বর মন্দির, জমিদার বাড়ির নিদর্শন ও অন্যান্য প্রত্নতত্ত্ব। 

জ্ঞানে-গুণে বা আলোকিত স্থানে এই ইউনিয়নের অসংখ্য মানুষ অতীত ও বর্তমানে দেশে বিদেশে ঐতিহ্য, খ্যাতি, যশ বহন করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রয়াত কয়েকজন আলোকিত মানুষের তালিকায় রয়েছেন কৌড়িয়া মাদরাসার প্রতিষ্ঠাতা শায়খে কৌড়িয়া, খাজাঞ্চি ইউনিয়নের প্রথম চেয়ারম্যান পাকিছিরি নিবাসী মরহুম ছৈদউল্লাহ, শালিস ব্যক্তিত্ব সাবেক চেয়ারম্যান পীর লিয়াকত হোসেন, ঘাসিগাঁও নিবাসী সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম ছমরু মিয়া, এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা এটিএম অলিউর রহমান, বুরাইয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি মাওলানা আব্দুল খালিক, মাওলানা আব্দুস সালাম তেলিকোনি, মরহুম মাওলানা ইজ্জত উল্লাহ (রঃ) ও মুক্তিযোদ্ধা আব্দুন নুর।

জীবিত আলোকিতদের তালিকায় আছেন পশ্চিম সিলেটের দ্বীনি বিখ্যাত প্রতিষ্ঠান সৎপুর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান পাকিছিরি, ঘাসিগাঁও নিবাসী সাবেক ব্যাংকার মাসুক মিয়া, মাওলানা আব্দুল হাই জিহাদি, সাবেক চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া, সাংবাদিক ও লেখক মিজানুর রহমান মিজান, ক্রীড়া ব্যক্তিত্ব কবির হোসেন কুব্বার, আইনজীবী পিযুস ভট্টাচার্য প্রমুখ।

এই ইউনিয়ন বিশ্বনাথ উপজেলার বড় ইউনিয়নের মধ্যে ১ম সারিতে অবস্থান করছে। সাংবাদিকতা পেশায় বর্তমানে ১৮ জন, আইন পেশায় ১৫ জনের অধিক, শিক্ষকতায় ৭০ জনের অধিক ও বিসিএস ক্যাডারসহ নানা পেশায় জড়িয়ে আছেন হাজার হাজার মানুষ। 

খাজাঞ্চি ইউনিয়নের পূর্ণাঙ্গ তথ্য ধাপে ধাপে সংরক্ষণ ও প্রকাশের উদ্যোগ প্রশাসনিকভাবে গ্রহণ করা, সংগ্রহ ও সংরক্ষণ করা সময়ের দাবি- এমনটাই মনে করেন সচেতন মহল।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার