ছবি নিজস্ব
জনবল সংকট নিয়ে চিকিৎসাসেবা চলছে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ অবস্থায় যেমন দায়িত্বরত চিকিৎসক ও স্টাফদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে, ঠিক তেমনি চিকিৎসাসেবা কার্যক্রমে ঘটছে ব্যাঘাত। এর পাশাপাশি হাসপাতালের চারপাশের পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করা ও মূল প্রবেশদ্বারে অবৈধ অটোরিকশা স্ট্যান্ড সরানো যখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় রোগীর স্বজনদের সচেতনতার অভাবে হাসপাতালের মূল ভবনের চারপাশ ময়লা-আবর্জনায় সয়লাব হয়ে গেছে।
কয়েক মাস পূর্বে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলাবাসীর তীব্র সমালোচনা আছে। এছাড়া গত ১৯ জানুয়ারি চার বন্ধু সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় চিকিৎসা কার্যক্রমে বিলম্বের অভিযোগে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় হাসপাতালে। এর পর থেকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুধু সিলেট নয়, বরং আলোচনায় ছিল সারা দেশব্যাপী।
গত ৬ মার্চ তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আকস্মিক জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং হাসপাতালে অনেক অনিয়ম দেখতে পান। এর কিছুদিন পরে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মিয়া বদলি হলে তার স্থলাভিষিক্ত হন ডা. সাইফুল ইসলাম।
এরপর থেকে গত বছরের তুলনায় উপজেলাবাসী এবং রোগী ও স্বজনদের হাসপাতাল কর্তৃপক্ষ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা-সমালোচনা কিছুটা কম। কিন্তু সবকিছু ছাপিয়ে বর্তমান হাসপাতাল কর্তৃপক্ষের শতভাগ সফলতার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে জনবল সংকট ও রোগীদের সচেতনতার অভাব।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম দৈনিক জৈন্তাবার্তার এই প্রতিবেদকসহ সরেজমিনে ভবনের চারপাশ ঘুরে দেখেন। তখন দেখা যায়, দোতলায় পুরুষ ও মহিলা ওয়ার্ড থেকে জানালা দিয়ে নিয়মিত ছুঁড়ে ফেলা হচ্ছে ময়লা, খাদ্যদ্রব্যের উচ্ছিষ্ট, পলিথিন, শিশুদের ডায়পারসহ অসংখ্য জিনিস।
৩১ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের ওয়ার্ডে দায়িত্বরত সেবিকা নাসরিন আক্তার বলেন, প্রতিটি বেডের নিচে প্লাস্টিকের বোল ও ওয়ার্ডের দরজায় একাধিক ডাস্টবিন থাকার পরও রোগীর স্বজনেরা জানালা দিয়ে ময়লা-আবর্জনা বাইরে ফেলেন।
তিনি আরও বলেন, মহিলা ওয়ার্ডে পুরুষ এসে শুয়ে থাকে। বার বার বলা সত্ত্বেও সরানো সম্ভব হয় না। তাছাড়া বেশির ভাগ সময় ওয়ার্ডে রোগীর স্বজনরা অবস্থান করেন ঘণ্টার পর ঘণ্টা। ওয়ার্ডে রোগী দেখার নির্দিষ্ট সময়সীমা থাকলেও এর কোনো তোয়াক্কা তারা করেন না।
হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী রোকেয়া জানান, সকাল ১১টা পর্যন্ত চারবার ঝাড়ু দিয়েছেন তিনি। প্রতিটি জানালায় পানের পিকের দাগ। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো- কিছু কিছু নারী রোগী ঋতুস্রাবের প্যাড নিয়ে টয়লেটে ফেলে দেন। আর ভাত খাওয়ার পরে উচ্ছিষ্ট নির্ধারিত ডাস্টবিনে না ফেলে বেশির ভাগ রোগী তা বেসিনে ফেলেন, যা প্রতিদিন আয়াদের পরিষ্কার করতে হয়। রোগীদের এতো করে বোঝানোর পরেও কিছু কিছু রোগীর স্বজনরা কর্তৃপক্ষের কোনো কথার তোয়াক্কা করেন না।
চিকিৎসা নিতে আসা আসামপাড়া গ্রামের পরিবহন শ্রমিক নজরুল ইসলাম জানান, তার স্ত্রীকে ডাক্তার ভর্তি হতে পরামর্শ দিয়েছেন। সপ্তাহখানেক ধরে জ্বর ও শরীরে ব্যথা। তিনি এসে দেখেন এক নারী সন্তান জন্ম দিয়েছেন। কিন্তু শিশুর বাবা এসে দিনের বেলায় বিছানার পাশে শুয়ে আছেন। সেই সাথে প্রতিটি বিছানার নিচে অসংখ্য ময়লা। দুই-তিন ঘণ্টা পর পর ক্লিনার এসে শুধু রাগান্বিত ভাষায় কথা বলে পরিষ্কার করতে থাকে।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জানান, গত ৩১ মার্চ এই হাসপাতালে তিনি জয়েন করেন। তৎকালীন পরিস্থিতি ছিল খুবই চ্যালেঞ্জিং। তিনি দায়িত্ব নেওয়ার পর চিকিৎসাসেবার দিকে মনোনিবেশ করেন। হাসপাতালের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হলেও ভবনের চারপাশে রোগী ও স্বজনদের অসচেতনতায় তা বাস্তবে রূপ দেওয়া যাচ্ছে না। এছাড়া হাসপাতালের সামনে আগের মতো অটোরিকশা স্ট্যান্ড না বসলেও রাতে মাঝে-মধ্যে কিছু অটোরিকশা এসে পার্কিং করে।
জনবল সংকট নিয়েও এই প্রতিবেদকের সাথে কথা বলেন তিনি। এই কর্মকর্তা বলেন, এই হাসপাতালে প্রথম শ্রেণির কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলে ১১৬ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও ৭৪ জনের জনবল রয়েছে। এর মধ্যে ৪৭ জন পুরুষ ও ২৭ জন নারী। শূন্য পদের সংখ্যা ৪২।
তিনি আরও বলেন, হাসপাতালে ১৬ জন চিকিৎসকের মধ্যে ১০ জন রয়েছেন আর ৬টি পদ শূন্য। সিনিয়র স্টাফ নার্সদের ২৬টি পদ থাকলেও কর্মরত আছেন ১৮ জন। এর মধ্যে ৬ জন পুরুষ ও ১২ জন নারী। পদ শূন্য ৮টি। তৃতীয় শ্রেণির ৫০টি পদের মধ্যে ১৭টি পদ শূন্য। তাছাড়া হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী অর্থাৎ অফিস সহায়ক, ওয়ার্ড বয়, আয়া, নিরাপত্তা প্রহরী, বাবুর্চি, মালিসহ পরিচ্ছন্নতা কর্মীর ২০টি পদের জায়গায় ১১টি পদই শূন্য।
তিনি জানান, হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের দিনে একমাত্র অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে যায়। বর্তমান হাসপাতালের বাইরে কিছু ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স রয়েছে যাদের হাসপাতাল থেকে ভাড়ার চার্ট অনুসরণের নির্দেশনা দেওয়া আছে।
তিনি আরও বলেন, প্রতিদিন বহিঃবিভাগে নিয়মিত ডাক্তার বসেন ও চব্বিশ ঘণ্টা ইমার্জেন্সিতে ডাক্তার ডিউটিরত অবস্থায় থাকেন। গত মার্চ মাসের পর থেকে হাসপাতাল কোয়ার্টারে ডাক্তারেরা কোনো প্রকারের প্রাইভেট রোগী দেখেন না।
পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে তিনি বলেন, এই হাসপাতাল উপজেলাবাসীর সম্পদ। হাসপাতালের পেছনে একটি ভাগাড় রয়েছে। তাতে সকল প্রকারের উচ্ছিষ্ট, ঔষধের ব্যবহৃত অংশসহ বিভিন্ন উপকরণ পুড়িয়ে ফেলার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট স্থান ও ডাস্টবিনে রোগীদের ময়লা-আবর্জনা ফেলা হলে হাসপাতালের চারপাশের পরিবেশটা পরিষ্কার রাখা সম্ভব। এতে জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক সচেতনতা।
জৈন্তা বার্তা / আরআর




