সিলেটের জৈন্তাপুর মডেল থানার পুলিশ ও স্থানীয় জনতার ধাওয়ায় চুরি করে পালানোর সময় একটি টাটা এইস পিকআপসহ তিনটি মাঝারি আকারের গরু উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় চোরচক্রের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম জানান, তিনি সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় জৈন্তাপুর মডেল থানার এএসআই সুমন মিয়াকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে গোপন সংবাদের ভিত্তিতে সারিঘাটে একটি মাদকবিরোধী অভিযানে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী মোটরসাইকেল ফেরিঘাট ব্রিজে এসে পৌঁছালে একটি এইস পিকআপ মোটরসাইকেলকে দ্রুত অতিক্রম করে। এর কয়েক সেকেন্ড পর একটি মোটরসাইকেল পিকআপের পিছু নিলে পুলিশের সন্দেহ হয়।
এ সময় পুলিশ মোটরসাইকেল নিয়ে পিকআপটির পিছু ধাওয়া করে। এ সময় টর্চের আলোয় দেখা যায় পিকআপে তিনটি মাঝারি আকারের গরু রয়েছে। পিকআপচালক ও চোরচক্র পুলিশের ধাওয়া বুঝতে পেরে সারিঘাট ধর্মশালা পূরাকীর্তি স্থাপনায় পৌঁছামাত্র আগফৌদ রাস্তার ভেতরে দ্রুত ঢুকে পড়ে। এ সময় বাজারে প্রচুর মানুষ থাকায় দ্রুতগামী গাড়ি দেখে পুলিশের সাথে সাধারণ জনতা দৌড়ে তাদের পিছু নেন। একপর্যায়ে মহিলা মাদরাসা সংলগ্ন ঈদগাঁহের নিকট এসে গরুগুলো নামিয়ে পালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া করে তিনটি গরু উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। এ সময় গরুর সাথে থাকা চোরচক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপ ও উদ্ধার হওয়া তিনটি গরু থানায় নিয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আটককৃত পিকআপের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১২-৩১৪৭)। এর গায়ে মাসুম নামীয় মালিকের মোবাইল নম্বর ০১৭৪৩-১৫২২৩৩ লেখা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম। তিনি জানান, উক্ত ঘটনায় গরুর মালিক বাদী হয়ে ১৮৬০ পেনাল কোড ৩৭৯ ধারায় গরু চুরির অপরাধে মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক আইনি প্রক্রিয়া শেষে গরুগুলো মালিকের নিকট হস্তান্তর করা হবে। পলাতক চোরদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
জৈন্তা বার্তা / আরআর




