সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম আর নেই। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
জানা গেছে, আব্দুস সালাম ফুসফুসজনিত রোগে ভুগছিলেন। দীর্ঘদিন সিলেট নগরীর নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত তিনদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।
মরহুম আব্দুস সালাম জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা, ভাই ও বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আছর আসামপাড়া হাফিজিয়া মাদরাসায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আব্দুস সালাম ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে প্রথমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনসহ অন্যান্যরা।
জনপ্রতিনিধির পাশাপাশি তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জৈন্তাপুর শাখার সিনিয়র সহ-সভাপতি ও রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য ছিলেন।
জৈন্তা বার্তা / আরআর




