ছবি: সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় তিনটি হত্যা মামলার আসামী হয়ে গ্রেপ্তার আতঙ্কে রাত কাটাচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গ্রেপ্তার হওয়ার ভয়ে যেতে পারছেন না ব্যবসাপ্রতিষ্ঠানে কিংবা স্থানীয় হাটবাজারে। দিন কাটে যেমন-তেমন কিন্তু রাত হলেই ভর করে উদ্বেগ-উৎকন্ঠা আর আতঙ্ক।
গাড়ির শব্দ শুনলেই আঁতকে উঠেন সবাই- এই বুঝি এলো পুলিশের গাড়ি। নির্ঘুম রাত কাটছে সবার, কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন। ব্যবসা প্রতিষ্ঠানে যেতে না পারায় অনেকে ভোগছেন আর্থিক সংকটে। এমনকি পরিবার চালাতে স্বামীর বদলে দোকানে বসতে বাধ্য হচ্ছেন কয়েকজনের স্ত্রী।
জানা গেছে, গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাবার পরপরই বিয়ানীবাজার উপজেলা সদরে বিএনপি-জামায়াত ও সমমনা দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। এদের সাথে যোগ দেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষজনও। এ সুযোগে একটি পক্ষ বিয়ানীবাজার থানা ও উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অফিসে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এর মধ্যে শেষ বিকালে থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করে হামলাকারিরা পুলিশ সদস্যদের আক্রমণে চেষ্ঠা করলে তাদের ঠেকাতে পুশি গুলিবর্ষণ করে। এসময় পুলিশের গুলিতে প্রান হারান তিন যুবক। এ ঘটনার ১৫ দিন পর গত ২০ আগষ্ট বিয়ানীবাজার থানায় ৭৫ জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গত ২৬ আগস্ট সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামী করে অরো অর্ধশত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩০ জনের নাম উল্লেখ করে আরো ২টি হত্যা মামলা দায়ের করা হয়।
এর মধ্যে একটি মামলার বাদী পুলিশের গুলিতে নিহত বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রাম এলাকার ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম। একইদিন গুলিতে নিহত নয়াগ্রামের রায়হান উদ্দিনের বড়ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামী করে আরো ২৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
প্রতিটি মামলায় আসল ঘটনা এড়িয়ে গিয়ে প্রকৃত হত্যাকারীদের আসামী না করে আওয়ামী লীগের নেতাকর্মী, প্রবাসী ও সাংবাদিকদের আসামী করা হয়। গত ২০ আগষ্ট দায়ের করা প্রথম মামলায় ৭৫জন নেতাকর্মীকে আসামী করা হয়, এদের মধ্যে ৮জন প্রবাসী ও ৬জন সাংবাদিকও রয়েছেন। অথচ প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত ৫ আগষ্ট দুপুরের আগেই আওয়ামী লীগ নেতাকর্মীরা উপজেলা সদর ছেড়ে চলে যান। শহরে থাকা আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তি বা নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ করে দিয়ে কেটে পড়েন অনেকেই।
নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী জানান, থানায় ও বিভিন্ন প্রতিষ্ঠানে কারা হামলা করেছে আমরা দেখেছি। এখন মামলায় আসামীদের নাম দেখে অবাক হচ্ছি।
মামলার বাদী নিহত তারেক আহমদের মা ইনারুন নেছাও আসামীদের নাম দেখে অবাক হয়েছেন। তিনি বলেন, কিছু লোক আমার কাছে গিয়ে আমাকে সাহায্য দেয়ার নাম করে আমার স্বাক্ষর নিয়ে এসে এই মামলা দায়ের করেছে। মামলায় আসামী হিসেবে যাদের নাম দেয়া হয়েছে এরা কেউই আমার ছেলের হত্যাকারী নয়। আমার ছেলেকে পুলিশ হত্যা করেছে। আমি এই মিথ্যা মামলা পরিচালনা করব না।
অন্য আরেকটি হত্যা মামলার আসামী তালিকায় একজন ব্যবসায়ী বলেন, গ্রেপ্তার ভয়ে দোকানে যেতে পারছি না, তাই পরিবার চালাতে বাধ্য হয়ে আমার স্ত্রী দোকানে বসছেন। এভাবে মিথ্যে মামলা দিয়ে কেন আমাদের ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে? আওয়ামী লীগ করলেই কি এভাবেই মামলা দিতে হবে?
বিয়ানীবাজারের প্রবীণ সাংবাদিক খালেদ সাইফুদ্দিন জাফরী বলেন, কোন মানুষই রাজনৈতিকভাবে নিরপেক্ষ নয়, সাংবাদিকরাও কোন না কোন দল সমর্থন করেন। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকরা নিরপেক্ষ থেকে সংবাদ পরিবেশন করেন। হত্যা মামলায় সাংবাদিকদের আসামী করা নিন্দনীয়, আমরা এই মিথ্যা মামলা থেকে সাংবাদিকদের বাদ দেয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহম্মদ বলেন, তিনটি মামলারই তদন্ত চলছে। পাশাপাশি আসামীদের গ্রেপ্তারের চেষ্ঠাও হচ্ছে। তবে লোকবল সংকটের কারণে অভিযান শুরু করা যাচ্ছে না। আসামীর তালিকায় থাকা সাংবাদিকদের বিষয়েও গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। জড়িত থাকলে আইনী ব্যবস্থা এবং সম্পৃক্ততা না থাকলে অব্যাহতি দেয়া হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




