সিলেটের জৈন্তাপুর উপজেলায় শনিবার (২১ সেপ্টেম্বর) তীব্র খরতাপের পর আকস্মিক ভারী বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে নাহিদ (১৩) নামক এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য হারুন সরকার জানান, নিহত নাহিদ ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৯নং ওয়ার্ডের নয়াগ্রাম আগফৌদ এলাকার নূরুল হকের ছেলে। নূরুল হক পেশায় একজন কৃষক।
তিনি আরো বলেন, তীব্র খরতাপ চলাকালীন হঠাৎ দুপুর ১২টার দিকে আকাশ কালো করে বজ্রবৃষ্টি শুরু হয়। সেই সাথে কয়েক দফা তীব্র বজ্রপাত। এ সময় আকস্মিক বৃষ্টি শুরু হলে নাহিদ বাড়ি অভিমুখে রওয়ানা হলে পথিমধ্যে ওয়াপদা বাঁধ সংলগ্ন রাস্তার ওপর সে বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন, বজ্রপাতে কিশোর নাহিদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া জানান, ঘটনাটি দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতের বাবাকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
তিনি বজ্রবৃষ্টি চলাকালে সকলকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন।
জৈন্তা বার্তা / আরআর




