নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন ক্রীড়া উপদেষ্টা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন ক্রীড়া উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৯:৫৫:৩১ পূর্বাহ্ন

 নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত


বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার রাজনৈতিক অবস্থানের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন।

আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন।পোস্টে তিনি বলেন, একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

আসিফ মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম (ছাত্র অধিকার পরিষদ) পরবর্তীতে দলীয় লেজুড়বৃত্তিসহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি।

যদিও এসব বিষয় সামনে আনতে চাইনি তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হলো। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ‘লাল ফিতার দৌরাত্ম্য নিয়ে মন্তব্য করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে জাতীয় ক্রীড়া পরিষদের বেশ কয়েকটি ফাইলের স্তূপের একটি ছবি প্রকাশ করে তার ক্যাপশনে লিখেছেন, ‘লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

জৈন্তাবার্তা / রহমান