প্রতীকী ছবি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় কোরআন পড়া শেষে মসজিদ থেকে ফেরার সময় মাইক্রোবাসের ধাক্কায় চার শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ইউনিয়নের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যায়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, “মাইক্রোবাসের ধাক্কায় চার শিশুর মৃত্যুর প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ড্রাইভার পলাতক রয়েছে।”
জৈন্তাবার্তা / সুলতানা




