ছবি:সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে ঢাকার পৃথক দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহতদের মধ্যে সাইফুল ইসলাম আরিফ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে এবং কারীমুল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত দুজন আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে একজন দশম শ্রেণির ছাত্র। তার নাম সাইফুল ইসলাম আরিফ। তার গ্রামের বাড়ি ফেনী। আরিফ ৪ আগস্ট আন্দোলনে আহত হয়েছিল। আজ সকাল ৭টায় সিএমএইচে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুবরণকারী আরেকজন হচ্ছেন কারীমুল ইসলাম। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। তিনি গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়েছিলেন। আজ সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
উল্লেখ্য, কারীমুল ইসলাম যাত্রাবাড়ী কাঁচামালের আড়তে কাজ করতেন। ৫ আগস্ট আন্দোলনের পক্ষে মিছিলে যোগদান কালে যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় সে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জৈন্তাবার্তা / রহমান




