নবীনগর-চন্দ্রা মহাসড়ক সোমবার সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা ছবি:সংগৃহীত
ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে গত প্রায় ২৪ ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বকেয়া বেতনসহ পাওনাদি পরিশোধের দাবিতে তারা সোমবার সকালে এ অবস্থান নেন, যা চলছে মঙ্গলবার পর্যন্ত। এ অবরোধের জেরে মহাসড়কটিতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। ফলে মহাসড়কটিতে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এর মধ্যে চন্দ্রামুখী সড়কে নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত ৩ কিলোমিটার ও ঢাকামুখী লেনে কবিরপুর থেকে বাইপাইল ১০ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের বাইপাইল পয়েন্টের উভয় লেনেই সোমবার সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। সোমবার দিবাগত গভীর রাতে বৃষ্টিতে ভিজেও সড়ক অবরোধ করে রেখেছিলেন তারা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই মহাসড়কে কর্মব্যস্ততা বাড়তে থাকে। তবে অবরোধ চলার কারণে স্থানীয় পথচারী ও যানবাহনকে ভোগান্তিতে পড়তে দেখা গেছে। অবরোধের কারণে নবীনগর ত্রিমোড়কে কেন্দ্র করে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কেও যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী সড়কে, নবীনগর থেকে সাভারের দিকে প্রায় ১০ কিলোমিটার ও ঢাকামুখী সড়কে নবীনগর থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, বার্ডস গ্রুপের চারটি কারখানা বার্ডস আর এন আর ফ্যাশন্স লিমিটেড, বার্ডস গার্মেন্টস, বার্ডস ফেডরেক্স, বার্ডস এ অ্যান্ড জেড লিমিটেড পাওনাদি পরিশোধ না করে বন্ধের ঘোষণা দেওয়ার পর এসব কারখানার প্রায় ২,০০০ বিক্ষুব্ধ শ্রমিক সড়ক অবরোধ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া বার্ডস গ্রুপের শ্রমিক বাবু বলেন, “আমাদের ৩০ সেপ্টেম্বর সমস্ত পাওনাদি পরিশোধ করার কথা ছিল। এর মধ্যে তিন মাসের সময় নিয়ে তারা নোটিশ টানিয়ে দেয় যে, পাওনাদি তিন মাস পর পরিশোধ করা হবে। আমাদের সঙ্গে আলোচনা না করে কীভাবে মালিকপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নেয়? শ্রমিকদের কোনো বেতন বাকি নেই, কিছু কর্মকর্তার বেতন বাকি থাকতে পারে। আমাদের সার্ভিস বেনিফিট, ছুটির টাকা, অন্য কোনো বকেয়া থাকলে সেগুলো ৩০ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল।”
বার্ডস গ্রুপের কারখানাগুলো বাইপাইল বুড়ির বাজার এলাকায় অবস্থিত। এই কারখানাগুলো গত ২৮ আগস্ট থেকে লে-অফ ঘোষণা করে। পরে শ্রমিকরা লে-অফে থাকতে রাজি না হলে পরবর্তীতে কারখানা ১২৪ (ক) ধারায় বন্ধ ঘোষণা করা হয়।
বার্ডস গ্রুপের শ্রমিকরা জানিয়েছেন, সোমবার শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা ছিল। তবে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে দেখেন, কারখানা ফটকে পাওনাদি পরিশোধের সময়সীমা তিন মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ। রবিবার এ নোটিশ জারি করে বার্ডস গ্রুপ।”
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “সোমবার থেকে বাইপাইলে একই অবস্থা। সড়কে যান চলাচল বন্ধ। কোনো বিকল্প ব্যবস্থাও নেই।
জৈন্তাবার্তা / সুলতানা




