ছবি নিজস্ব
'আর মাতিও না রেবা ভাই, কিতা আর কইতাম? দিন দিন বাজারের যেতা অবস্থা আরম্ব অইছে, মনে অয় না খাইয়া দিন যাইব। না খাইয়া কিতা থাকতাম পারমু নি রেবা ভাই? হুরুতা-মুরুতারে গোস্ত খাওয়াইতে পারিয়ার না। ইবায়দি তরকারির যে দাম, ৫০০ টেকা রুজি করিয়া কিতা থইয়া কিতা লইতাম? হকলতার যে দাম! যেতা লইতাম যাই ইতার দাম বেশি। যা কামাই করিয়ার কোনোছুরত চলিয়ার। আমরা গরিবর কুন্তা কেউ বুজবানি? জানিয়ার না আগেদি কিতা অইব।'
এভাবেই কথাগুলো বলছিলেন সবজি কিনতে আসা দীনমজুর সেলিম উদ্দিন। শুধু সেলিম উদ্দিন নন, এমন অবস্থায় পড়তে হচ্ছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত এবং স্বল্প আয়ের মানুষদের।
গোলাপগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৫০ টাকার নিচে কাঁচা পেঁপে ছাড়া আর কোনো সবজি পাওয়া যাচ্ছে না। আগাম যেসব শীতকালীন সবজি বাজারে আসছে সেগুলার দামও আকাশছোঁয়া। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। যে মুলা গ্রামের মানুষ খেত না, তা এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ টাকায়। কচুর মুখি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। করলা প্রতি কেজি ৮০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, কাকরোল ৮০ টাকা, পটল ৭০ টাকা, লাউ প্রতি পিস ৮০ থেকে ১২০ টাকা, লতি ৬০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শুক্রবার (৪ অক্টোবর) বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়, বরবটি ৯০ টাকা, শসা ৬০ টাকা, পটল ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, বেগুন ৮০, টমেটো ১৮০ টাকা ও ঝিঙা ৭০ টাকা।
গোলাপগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী খলকুর রহমান বলেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে দাম কিছুটা বেড়েছে। তবে শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। সামনের সপ্তাহে দাম কিছুটা কমতে পারে।
ব্যবসায়ীরা বলেন, যে কোনো সবজি শুরুতে বাজারে এলে প্রথমে দাম একটু বেশি থাকে।
সবজি বিক্রেতা আবুল মিয়া বলেন, গত সপ্তাহে ফুলকপি বিক্রি করেছি ৫০ টাকায়, আজ করছি ৬০ টাকা। মুলা বিক্রি করেছি ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে, বর্তমানে বিক্রি করছি ৮০ টাকা দরে। তবে সামনের দিকে দাম আরও কমবে। বৃষ্টির কারণে পর্যাপ্ত সবজি বাজারে আসছে না। এজন্য শীতকালীন সবজির দাম এখন একটু বেশি।
জৈন্তা বার্তা / আরআর




