তারেক রহমান ছবি: সংগৃহীত
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবিলা করা হবে।
রোববার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। কায়সার কামাল বলেন, তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। যথাসময়ে তিনি দেশে ফিরবেন।
এ সময় আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ৫ অক্টোবর প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি। আমরা আইনজীবী হিসেবে, আইনাঙ্গনের মানুষ হিসেবে এ দাবির সঙ্গে একমত। বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অব কনডাক্ট ভঙ্গ করেছেন, আশা করি, তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।
জৈন্তাবার্তা / রহমান




