ছবি নিজস্ব
সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন শেষে পূজার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসব। সিলেটের বিশ্বনাথ উপজেলায় এবার ২৫টি পূজামণ্ডপে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। নির্বিঘ্নে ধর্মীয় এই উৎসব পালনের লক্ষ্যে পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মণ্ডপে পুলিশের পাহারা বসানো হয়েছে। পূজামণ্ডপ সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বুধবার (৯ অক্টোবর) থেকে পূজার মূল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলার সকল অধিক গুরুত্বপূর্ণ, সাধারণ গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত মণ্ডপে শুরু হওয়া দুর্গাপূজা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। ওইদিন প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা।
উপজেলায় ঝুঁকিপূর্ণ কোনো মণ্ডপ না থাকলেও অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ১৩টি মণ্ডপের নাম উল্লেখ করা হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার পক্ষ থেকে। এই মণ্ডপগুলোতে প্রশাসনের বাড়তি নজরদারি থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপের তালিকায় রয়েছে ১০টি পূজামণ্ডপ। সাধারণ তালিকায় আছে আরও ২টি মণ্ডপ। নিরাপত্তার স্বার্থে প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভির আওতায় রাখা হয়েছে।
বিশ্বনাথ পূজা উদযাপন পরিষদ মনিটরিং সেল এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুণ বিভু জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। এরপরও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্বনাথে পূজা উদযাপনে কোনো প্রকার ঝামেলা বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির আভাস পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে সমস্যা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পূজা উদযাপন পরিষদ ১৯ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করেছে। যে কোনো পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং সেলের সাথে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি পূজামণ্ডপের দায়িত্বে থাকা সভাপতি ও সাধারণ সম্পাদককে।
জানা গেছে, নিরাপত্তায় পুলিশ, আনসার, ভিডিপি'র পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন মাঠে কাজ করছে। বিশ্বনাথ থানা সূত্রে জানা গেছে, এবারের দুর্গাপূজায় উপজেলার ২৫টি মণ্ডপে ১৭৮ জন আনসার ভিডিপির সদস্য ও ৭৮ জন পুলিশ তিন স্তরে দায়িত্ব পালন করবেন। ফিক্সড ডিউটি, মোটরসাইকেল মোবাইল ও ডিউটি মোবাইলসহ সাদা পোশাকে এসব দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া।
বিশ্বনাথ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করতে প্রশাসনের জোর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।
জৈন্তা বার্তা/আরআর




