ছবি:সংগৃহীত
ওসমানীনগরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে সেনাবাহিনীর পৃথক অভিযানে বাবুল মিয়া (৬০) নামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব সিরাজনগর গ্রামের মৃত সামাদ উল্লার ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বুরুঙ্গা ইউনিয়নের প্যারাপুর গ্রামের তার দ্বিতীয় বসতবাড়ি থেকে মাদকের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাকে আটক করে সেনাবাহিনী। এরপর দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসী মাঝপাড়া গ্রামের মৃত সৈয়দ তাহির আলীর ছেলে সৈয়দ আরশ আলীর বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় মাদক বিক্রির অভিযোগে আরশ আলী ও তার পরিবারের সদস্যদের বেধড়ক মারপিট করা হয়। স্থানীয়রা জানান মাদকের খুঁজে আরশ আলী, তার স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়েকে ব্যাপক মারপিট করে থানায় নিয়ে যায় সেনাদল। এরপর থানায় স্ত্রী ও মেয়েকে রেখে আরশ আলীকে নিয়ে অভিযানে নামে তারা।
সকাল সাড়ে ১০টায় উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের প্যারাপুর গ্রামে মৃত সামাদ উল্লার ছেলে বাবুল মিয়ার দ্বিতীয় বসত বাড়িতে অভিযান চালায় সেনাবহিনীর দল। মাদকের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাকে ও তার স্ত্রীকে মারপিট করে তুলে নিয়ে আসে। সন্ধ্যার দিকে মোবাইলে কল করে সেনাবাহিনীর লোক জানায় বাবুল মিয়ার মৃত্যু হয়েছে এবং লাশ দক্ষিণ সুরমা স্বাস্থ্য কেন্দ্রে আছে।
এদিকে, গোয়ালাবাজারের আরেকটি গ্রামে অভিযান করা হয় বলে বলে জানান স্থানীয়রা। এসব পৃথক অভিযান চলাকালে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭জনকে আটক করা হয়। দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা: মুহাম্মদ সালাহ উদ্দিন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর সদস্যরা বাবুল মিয়া নামের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করান। ইমার্জেন্সি কক্ষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেডিকেল প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী বলেন, মৃত্যুর বিষয়টি আমার জানা নেই, আটকদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। ওসমানীনগরস্থ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুবীন আর রহমান জানান, মাদকসেবি ও বিক্রেতাদের বিরুদ্ধে পৃথক অভিযানে ৬শ ২৫ পিস ইয়াবা ও ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযুক্ত নারী পুরুষসহ ৭জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। হার্টএ্যাটাকে আটকৃতদের একজনের মৃত্যু হয়েছে।
জৈন্তাবার্তা / রহমান




