শারদীয় দুর্গাপূজা উৎসব
সিলেটে এবার ৫৯৩টি মন্ডপে হচ্ছে শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে বুধবার শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব। সকাল ৬টায় ছিল দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। ষষ্ঠীপূজা হয় বিকেল ৫টার পর। আগামী রবিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।
এবার সিলেটে ৫৯৩টি মন্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। দুর্গাপূজা নির্বিঘেœ পালনের লক্ষ্যে সিলেট জেলা ও নগরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দুর্গা শব্দের অর্থ ব্যূহ বা আবদ্ধ স্থান। যা কিছু দুঃখ-কষ্ট মানুষকে আবদ্ধ করে, যেমন, ভয়, দুঃখ, শোক, জ্বালা, যন্ত্রণা এসব থেকে তিনি ভক্তকে রক্ষা করেন। শাস্ত্রকারেরা দুর্গার নামের অন্য একটি অর্থ করেছেন। দুঃখের দ্বারা যাকে লাভ করা যায় তিনিই দুর্গা। দেবী দুঃখ দিয়ে মানুষের সহ্যক্ষমতা পরীক্ষা করেন। তখন মানুষ অস্থির না হয়ে তাঁকে ডাকলেই তিনি তার কষ্ট দূর করেন।
‘মহাসপ্তমী উল্লেখ আছে, ত্রেতা যুগে ভগবান রাজা রামচন্দ্র দশানন রাবণের সঙ্গে যুদ্ধে রত হন। পাপের বিনাশের লক্ষ্যে দেবী আদ্যাশক্তি মহামায়ার কাছে শক্তিবৃদ্ধির আশায় শরৎকালে তাঁর পূজা করেছিলেন এবং যুদ্ধে জয়লাভ করে দেবী সীতাকে উদ্ধার করেন এবং রাবণকে হত্যা করতে সক্ষম হন রামচন্দ্র। সেই থেকে পৃথিবীতে প্রতি বছর শরৎকালে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব পালন করে আসছে।
লোকনাথ পঞ্জিকা অনুযায়ী আজ বৃহস্পতিবার মহাসপ্তমী, আগামীকাল শুক্রবার মহাষ্টমী, ১২ অক্টোবর মহানবমী এবং ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।
এ বছর দেবী দুর্গার আগমন হয়েছে দোলা বা পালকিতে। ওই পালকি বা দোলায় দেবীর আগমন বা গমন হলে ফলাফল হয় মড়ক। দেবী দুর্গার ২০২৪ সালে মর্ত্যে আগমন যেহেতু দোলায়, তার ফল হতে পারে মড়ক, যা শুভ ইঙ্গিত নয়। এ ছাড়া দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। শাস্ত্রমতে দেবীর গমন বা আগমন ঘোটকে হলে ফলাফল ছত্রভঙ্গ হয়। সেই নিরিখে ২০২৪ সালে দেবীর গমন ঘোড়ায় হওয়ার জেরে ফলাফল ছত্রভঙ্গ হতে পারে। শাস্ত্রমতে এই ঘোটকে গমনের ফলে সামাজিক ও রাজনৈতিক এলোমেলো অবস্থাকে ইঙ্গিত করে। এটি যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, বিপ্লবের ইঙ্গিত দিয়ে থাকে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, সিলেট জেলায় ৪৪০টি মন্ডপে দুর্গাপূজা চলছে। তার মধ্যে সার্বজনীন ৪০৮টি ও পারিবারিক ৩২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর সিলেট মহানগর এলাকায় চলছে ১৫৩টি মন্ডপেদুর্গাপূজা। তার মধ্যে সার্বজনীন ১৩৬টি ও পারিবারিক ১৭টি।
এসব মন্ডপ ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার জোর প্রস্তুতি শুরু করেছে পুলিশ। পূজা চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ জানান, সিলেটে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হবে বলে আশা করছি। পুলিশ, সেনাবাহিনী, র্যাব সর্বদা টহল দিচ্ছে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমাদের ৬ স্তরের নিরাপত্তা প্রস্তুত রয়েছে। সাদা পোশাকে, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, কুইক রেসপন্স টিম থাকবে। আমরা আশা করি সুন্দরভাবে এখানে পূজা উপযাপন করা যাবে।
জৈন্তাবার্তা / সুলতানা




