সিলেটের গোয়াইনঘাট উপজেলার সিলেট জেলা সিএনজিচালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর অন্তর্ভুক্ত রাধানগর উপ-পরিষদ শাখার পক্ষ থেকে রাধানগর বাজারে নির্দিষ্ট একটি জায়গায় সিএনজি স্ট্যান্ডের দাবি তুলেছে কর্তৃপক্ষ।
এই দাবিতে বৃহস্পতিবার রাতে রাধানগর বাজারে রেজিঃ নং-চট্ট-৭০৭ এর অন্তর্ভুক্ত রাধানগর উপ-পরিষদ শাখা অফিসে সংগঠনের সভাপতি মো. আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল আহমদের পরিচালনায় অন্তত পাঁচ শতাধিক সিএনজি চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে গোয়াইনঘাটের রাধানগর বাজারে কোনো নির্দিষ্ট সিএনজি স্ট্যান্ড নাই। এটি জাফলং থেকে গোয়াইনঘাট যাওয়ার মেইন রোড। মেইন রোডের সাথে স্ট্যান্ড হওয়ায় বাজারের ব্যবসায়ী, ক্রেতা সাধারণ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পদচারীদের দুর্ঘটনাসহ ভোগান্তির শেষ নেই। বাজারে অনেক খাস জায়গা রয়েছে যা প্রভাবশালীদের দখলে। তাই গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসকের কাছে আমাদের প্রাণের দাবি একটাই- সার্বিক দিক বিবেচনা করে যানজট ও দুর্ঘটনা নিরসনে রাধানগরে একটি নির্দিষ্ট সিএনজি স্ট্যান্ডের ব্যবস্থা করে দেওয়া হোক।
সভায় উপস্থিত ছিলেন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর অন্তর্ভুক্ত রাধানগর উপ-পরিষদের নেতা আব্দুছ সালাম, নাইম আহমেদ, রাধানগর বাজারের ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক সাব্বির আহমদ সানিসহ সংগঠনের সদস্য জুবের আহমদ, সায়েদ আহমদ, আফসর মিয়া, মুফিজ মিয়া, ছমির উদ্দিন, ইকবাল আহমেদ, এনাম উদ্দিন, মনজুর আহমদ, সুহাগ, আমির উদ্দিন, রুহেল আহমদ, ফয়ছল আহমদ, শরিফ আহমদ, সাবেক সভাপতি আলি হোসেন প্রমুখ।
জৈন্তা বার্তা / আরআর




