ছবি নিজস্ব
সিলেটের জৈন্তাপুরে দৈনন্দিন কাঁচাবাজারে সবজির দামে নেই কোনো সুখবর। সমাজের নিম্ন আয়ের মানুষের অন্যতম ভরসা শাক-সবজির বাজারে আগুনের উত্তাপ যেন দিন দিন বেড়েই চলেছে। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণির মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে সবজি ক্রয়ের ক্ষেত্রে।
রোববার (১৩ অক্টোবর) জৈন্তাপুর সদরে চলছে সাপ্তাহিক হাটবার। সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, সকাল থেকে সিলেট নগরী থেকে ট্রাকযোগে আসা পাইকারি কাঁচামালের পণ্য খালাসের চিত্র।
স্থানীয় সবজি ব্যবসায়ী সেলিম আহমেদ বলেন, দাম বৃদ্ধির অন্যতম কারণ সবজির সরবরাহ কম। যেখানে একটি সবজির বিক্রয় চাহিদা ১৫০ কেজি, সেখানে মাত্র ৭০/৮০ কেজি সবজি সরবরাহ করা হচ্ছে।
দেখা যায়, রোববার বাজারে টমেটো প্রতি কেজি ১৫০ টাকা, করোলা ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, লতা ৭০ টাকা, বেগুন ১০০ টাকা, পেঁপে ১০০ টাকা, লালশাক আঁটি ৩০ টাকা, শশা ৬০ টাকা, পুঁইশাক ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, লেবুর হালি ৩০ টাকা, কচুরমুখি ৭০ টাকা, ঝিঙা ৮০ টাকা কেজিপ্রতি বিক্রি হচ্ছে। এ ছাড়াও কাঁচামরিচ ও ধনিয়া পাতার দাম বেড়েছে। রোববার মরিচ কেজিপ্রতি ৫০০ টাকা ও ধনিয়া কেজিপ্রতি ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে।
এদিন সাপ্তাহিক হাটে আসা দুবাই প্রবাসী আতাউর রহমান বলেন, বিদেশে থেকে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সংবাদ সবসময় দেখি। বর্তমানে দেশে এসে দেখছি এর কোনো ব্যতিক্রম নেই। বিশেষ করে স্বল্পমূল্যের খাদ্য সবজির বাজারের এই অবস্থা থাকলে মানুষের জীবনধারণ অনেক কঠিন হয়ে পড়বে।
তিনি অনতিবিলম্বে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে আনতে বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানান।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, প্রতিটি দোকানে মূল্য তালিকার পাশাপাশি ক্রয়মূল্যের রশিদ সংরক্ষণ ও মাঠে যে কৃষকের নিকট থেকে পণ্য ক্রয় করা হবে তার মোবাইল নম্বর রাখতে বলা হয়েছে। সেই সাথে বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং কার্যক্রম নিয়মিত চলবে।
জৈন্তা বার্তা/আরআর




