(প্রতীকি ছবি)
সিলেট মহানগরের খাল, নালা, ননর্দমা জুড়ে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার তথ্যমতে সম্প্রতি চালানো এক অভিযানে ৪২টি ওয়ার্ডেই কমবেশি এডিস মশার লার্ভার সন্ধান মিলেছে। এতে নগরীর বাসিন্দাদের মাঝে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। প্রশ্ন উঠছে মশা তাড়াতে ছিটানো ওষুধের কার্যকারিতা নিয়ে।
নগরবাসীর দাবি, সিটি কর্পোরেশন থেকে যে ওষুধ ছিটানো হচ্ছে, তাতে মশা মরছে না; বরং বিভিন্ন ড্রেন ও খালে থাকা তেলাপোকা বাড়িতে এবং রাস্তায় এসে মারা যাচ্ছে। নগরবাসীর অভিযোগ নগরীর বেশিরভাগ ওয়ার্ডে এখনো পৌঁছায়নি সিটি কর্পোরেশনের ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম। সিসিক নামমাত্র ওষুধ ছিটানোতেই তাদের কাজ সীমাবদ্ধ রেখেছে।
তবে, সিসিকের স্বাস্থ শাখার কর্মকর্তারা বলেছেন, জনবল সংকটের কারণে সময়মতো ওষুধ ছিটাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবু আমরা নিয়মিত ওষুধ ছিটানো ও অভিযান পরিচালনা করছি। ওই কর্মকর্তা জানান, সম্প্রতি নগরের তিনিটি ওয়ার্ডের প্রায় ৪০০টি স্থাপনায় এডিস মশার লার্ভা অনুসন্ধান করা হয়েছে। এর মধ্যে ৫৪টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু থেকে রক্ষা পেতে বছরজুড়ে সমন্বিতভাবে মশকনিধন ও জনসচেতনতার বিকল্প নেই। বিশেষ করে শীত মৌসুমে মশকনিধন কার্যক্রম পরিকল্পনা গ্রহণ করা জরুরি। নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বাসা-বাড়ি, অফিস সবখানেই মশার উপদ্রব বেড়েছে। পাড়ামহল্লার প্রতিটি বাড়িতেই মশার উপদ্রব থেকে বাঁচতে ব্যবহার করা হচ্ছে কয়েল, মশা মারার ব্যাট, অ্যারোসলসহ নানাপদ্ধতি। ভবনের নিচ তলার বাসিন্দারা মশার উপদ্রব থেকে রক্ষা পেতে জানালায় নেট লাগিয়েছেন। মশা থেকে বাঁচতে দিনের বেলায়ও বসিন্দারা নেট লাগিয়ে রাখছে।
নগরীর সুবিদবাজার নুরানি এলাকার সায়েম আহমদ বলেন, মশার উৎপাতএতই বেশি যে, সন্ধ্যার পর ছেলে মেয়েকে মশারির মধ্যে রাখতে হয়। মশার জ্বালায় বাসায় কোথাও একটানা বসে থাকা যায় না।
সরেজমিন সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গেলে দেখা গেছে, গাড়িরটায়ার, টিউব ও যন্ত্রপাতি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। টার্মিনালের রাস্তার দুই পাশেরড্রেন ও নালায় অসংখ্য প্লাস্টিকের কাপ, পানির বোতল, করশিটের বাক্স, ডাবের খোসা জমে আছে। এগুলোতে ব্যাপক মশা জন্মায়।
ঝালোপাড়া এলাকার গৃহিণী নাবিলা বেগম বলেন, সন্ধ্যার পর বাইরেবের হলে মশা যেভাবে ঘিরে ধরে, মনে হয় উড়িয়ে নিয়ে যাবে। দিনেও মশা কামড়ায়। ২৪ ঘণ্টা কয়েল জ্বালিয়ে রাখতে হয়। মশার যন্ত্রণায় বাচ্চারা পড়ার টেবিলে বসতে পারেনা। কয়েলেও মশা মরেনা।
মদিনা মার্কেট বাসিন্দা আরিফুর রহমান কাজল বলেন, আগে দেখতাম সন্ধ্যা হলে মশার উৎপাত শুরু হয়, এখন দিন-রাত সমান তালে মশা কামড়ায়। সন্ধ্যার পর অত্যাচার চরমে পৌঁছে। সন্ধ্যার পর কয়েল ছাড়া ঘরে থাকা যায় না।
নগরের ৩৭ নম্বর ওয়ার্ডের দুসকি এলাকার তামিম আহমদ বলেন, ডেঙ্গুর উপদ্রব বাড়লেও এ এলাকায় কোনো ওষুধ ছিটাতে দেখা যায়নি। এমনকি লিফলেট বা মাইকিং করে স্থানীয়দের সচেতনও করা হয়নি।
ব্যবসায়ী কালাম মিয়া বলেন, দিনে মশা কম থাকলেও সন্ধ্যার পর থেকে দোকানে বসা যায় না। বাধ্য হয়ে কয়েল জ্বালিয়ে দোকান করতে হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীতে সাড়ে সাত লাখ মানুষের বসবাস। ৪২টি ওয়ার্ডে বিভক্ত এ সিটির মশা নিয়ন্ত্রণে কাজ করেন মাত্র ৩ জন কর্মচারী। তবে সিজনে দৈনিক মজুরিতে কাজ করেন ৯০ জন। মশা তাড়াতে আধুনিক সরঞ্জাম বলতে রয়েছে ২০টি ফগার মেশিন। আর রয়েছে ১০০টির মতো হস্তচালিত স্প্রে। তবে যারা এসব পরিচালনা করছেন, তাদের নেই কোনো প্রশিক্ষণ। ফলে তারা জানেন না কোথায় কোন প্রজাতির মশা রয়েছে, কোন মশার জন্য কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হয়। কীটনাশক প্রয়োগের মাত্রার সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা কতটুকু, তা-ও তাদের জানা নেই।
স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট লোকজন বলছেন, নভেম্বরেই সিলেট বিভাগে ১৩৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি মাসেও আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সিলেট বিভাগে গত বছর ১ হাজার ৪৩৫ জন। চলতি বছর ২ ডিসেম্বর পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৯৯ জন। তবে এ বছর সিলেটে ডেঙ্গুতে মারা যায়নি। সর্বশেষ গত সোমবার পর্যন্ত সিলেট বিভাগে ২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০৮ জন। এরমধ্যে সিলেটে ৭৩ জন, সুনামগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ২৪ জন এবং হবিগঞ্জে ১৬৭ জন। এছাড়াও নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী ও ঢাকার আরও ৯জন সিলেটে আক্রান্ত হয়েছেন। আর চলতি বছরে সিলেট মহানগর এলাকায় ২৭ জনের দেহে ডেঙ্গু মশার জীবাণু পাওয়া গেছে।
সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখা জানায়, নগরের ৪২টি ওয়ার্ডেই কমবেশি এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এবছর ৫ হাজার লিটার ওষুধ ছিটানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে প্রয়োজনীয় ওষুধ মজুদ না থাকা ও নানা সঙ্কটের কারণে মশকনিধন কার্যক্রম বন্ধ রয়েছে।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জৈন্তা বার্তাকে বলেন, সিলেট সিলেট সিটি করপোরেশন এলাকায় এখনো ডেঙ্গুর প্রাদুর্ভাব কম, তবে শঙ্কা আছে। এবছর ৫ হাজার লিটার ওষুধ ছিটানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে প্রয়োজনীয় ওষুধ মজুদ না থাকা ও নানা সঙ্কটের কারণে মশকনিধন কার্যক্রম সীমীত করা হয়েছে। তিনি আরও বলেন, ডেঙ্গু থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিতভাবে মশকনিধন কার্যক্রম চালানো প্রয়োজন। এডিস মশা শুধু সিটি করপোরেশন এলাকায়নয়, প্রত্যন্ত এলাকাতেও ছড়িয়েছে। তাই একযোগে মশকনিধন কার্যক্রম চালালে ভালো ফল আশাকরা যায়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, নগরীর সবখানেই মশার উৎপাত। এবছর এখন পর্যন্ত সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম চোখে পড়েনি। আর এখন ওষুধেও মশা মরেনা। এখনই আগাম ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেন তিনি।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। ডেঙ্গু আক্রান্তদের জন্য আলাদা কর্ণার করা হয়েছে। সেখানে অক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে মৃত্যু নেই। তবে প্রতিরোধ গড়ে না তুললে মোকাবিলা করা কষ্টকর হবে।
জৈন্তাবার্তা / সুলতানা




