ফাইল ছবি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন ও সেলিনা মোমেনসহ ২১৩ জনের সাথে মামলায় আসামি হলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য গোলাপ মিয়া। এ মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় গোলাপ মিয়াকে ৩৩ নম্বর আসামী করা হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের জালালপুরের সদরপুর গ্রামের বাসিন্দা মৃত তফুর আলীর ছেলে মো. আলাল মিয়া গত ১২ নভেম্বর রাতে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।
সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক মামলাটি রেকর্ডের বিষয় নিশ্চিত করে বলেন, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ দণ্ডবিধির ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারায় এ মামলা রুজু করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিলেট নগরের মিরবক্সটুলায় খায়রুন ভবনের সামনের সড়কে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা ঝাপিয়ে পড়ে। তারা অবৈধ আগ্নেয়াস্ত্র, কাটা রাইফেল, পাইপগান রামদা ছিটা, গুলি চাইনিজ কুড়াল ককটেল পেট্রোল বোমা সাউন্ড গ্রেনেডসহ মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে।
আন্দোলনকারীদের মারধর করে ককটেল বোমা, সাউন্ড গ্রেনেড, পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বাদী পেশাগত কাজ শেষে যাওয়ার পথে হামলার শিকার হন। গুরুতর জখম অবস্থায় বাদীকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা। চিকিৎসাধীন থাকার কারণে মামলা দায়েরে দেরি হয়েছে বলে জানান মামলার বাদী মোঃ আলাল মিয়া।
জৈন্তাবার্তা / মনোয়ার




