ছবি: নিজস্ব
অনুকুল আবহাওয়া এবং সময়মতো বীজ ও সার পাওয়ায় ওসমানীনগরে এবার আমন ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি অধিদফতরের কর্মকর্তারা। আর স্থানীয় কৃষি অধিদপ্তরের সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেও এবার আমনের বাম্পার ফলনে খুশি কৃষকরা।
এলাকাবাসী, কৃষক-শ্রমিক ও উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়ন বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে প্রায় ৮ হাজার ৬২৫ হেক্টর জমিতে আমন ধান রোপণ করেন কৃষকরা। এর মধ্যে উপজেলার বুরুংগা, সাদিপুর, উমরপুর ও পৈলনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সবচেয়ে বেশি আমন ধান রোপণ করা হয়েছে। এবার ১৭ হাজার ৪৬৫ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে স্থানীয় কৃষি অধিদফতর। বিগত কয়েক বছরে এমন ফলন হয়নি।
এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, কৃষি অধিদফতর তাদের তেমন কোনো সহযোগিতা করেনি। তবে সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেও আমনের বাম্পার ফলনে খুশি কৃষকেরা। আমনের বাম্পার ফলন কৃষকদের দুঃখ-কষ্ট আর ক্ষোভ আড়াল করেছে মাঠজুড়ে পাকা ধান। মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। আমন ধান কেটে বাড়ির আঙিনায় আনার কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে প্রায় ৪০ থেকে ৪৫ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। এভাবে ধান কেটে মাড়াই শেষে রোদে শুকিয়ে গোলায় তুলবেন কৃষকরা। আর কয়েক সপ্তাহের মধ্যেই কাটা ও মাড়াই শেষে ধান গোলায় ওঠানোর পর কৃষকদের ঘরে ঘরে শুরু হবে বাঙালির ঐতিহ্য চিরচেনা নবান্ন উৎসব।
উপজেলার বুরুংগা ইউনিয়নের কামারগাঁও এলাকার কৃষক শেখ মুনাঈম মিয়া বলেন, ইতোমধ্যে আমন ধান কাটা শুরু হয়ে গেছে। ধান কেটে রোদে শুকিয়ে ধান গোলায় তোলা হচ্ছে।
কৃষক আব্দুল ছত্তার বলেন, এবার আমি চার বিঘা জমিতে আমন চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায়, সময়মতো বীজ ও সার পাওয়ায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে।
জয়ন্ত চন্দ্র নামের আরেক কৃষক বলেন, আর কয়েক সপ্তাহের মধ্যেই কাটা ও মাড়াই শেষে ধান গোলায় ওঠানোর পর কৃষকদের ঘরে ঘরে শুরু হবে নবান্ন উৎসব। তবে কৃষি অধিদফতরের সহযোগিতা পেলে আরও ধানের ফলন ভালো হতো।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে প্রায় ৮ হাজার ৬২৫ হেক্টর জমিতে আমন ধান রোপণ করেন কৃষকরা। ইউনিয়ন ভিত্তিক আমন ধান চাষ হয়েছে উপজেলার উমরপুর ইউনিয়নে ১ হাজার ৯৫ হেক্টর, সাদিপুর ইউনিয়নে ১ হাজার ৬৫ হেক্টর, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ৭৪০ হেক্টর, বুরুঙ্গা ইউনিয়নে ৮৭০ হেক্টর, গোয়ালাবাজার ইউনিয়নে ১ মাজার ১১০ হেক্টর, তাজপুর ইউনিয়নে ১ হাজার ২২০ হেক্টর, দয়ামির ইউনিয়নে ১ হাজার ২৮৫ হেক্টর ও উসমানপুর ইউনিয়নের ১ হাজার ২৪০ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে দয়ামির ও উসমানপুর ইউনিয়নে বেশি আমন ধানের ফলন হয়েছে।
ওসমানীনগর উপজেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৭০০ হেক্টর আবাদের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু এবারের দুই দফা বন্যার কারণে ৮০ হেক্টর জমি কম আবাদ হয়েছে। এছাড়া আবহাওয়া অনুকুলে থাকায় ধানের ভালো ফলন হয়েছে বলে ওসমানীনগর উপজেলা কৃষি অফিস জানিয়েছে।
এছাড়া কৃষি অফিস জানিয়েছে, সময়মতো বীজ-সার কৃষকদের মধ্যে বিতরণের কারণে ধানের ভালো ফলন হয়েছে। এবার মাঠের পর মাঠজুড়ে সেনালী আমন ধান দুলছে, ফলছে আমনের বাম্পার ফলন। ১ হাজার ৭২০ জন কৃষকের মধ্যে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার দিয়ে সহযোগিতা করা হয়।
আমন ধান কেটে বাড়ির আঙিনায় আনার কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে প্রায় ৪৫ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। আর কয়েকদিন সময় পেলেই ধান কাটা শেষ হয়ে যাবে বলে মনে করছেন কৃষকরা।
জৈন্তাবার্তা / সুলতানা




