ছবি: নিজস্ব
শীতকালীন টমেটো চাষ করে সাফল্য দেখিয়েছেন গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের তরুণ টমেটো চাষিরা। তাদের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে নওয়াগাঁও গ্রামের অনেকেই এখন টমেটো চাষ করছেন। কৃষি বিভাগ বলছে, এই সাফল্য অনেক শিক্ষিত তরুণকে কৃষিমুখী করেছে।
দেখা যায়, নওয়াগাঁও গ্রামের আমনের মাঠে এখন লাল টমেটোর সমারোহ। সারি সারি গাছের মাচায় ঝুলছে লাল টকটকে টমেটো। যা দেখে অনেকের মন জুড়িয়ে যায়।
গত দুই বছর আগে ৪ বিঘা জমিতে যৌথভাবে উচ্চফলনশীল হাইব্রিড জাতের টমেটো চাষ শুরু করেন তরুণ কৃষক জুনেদ, সমুজ ও ওয়ারিছ আলী। শুরুতেই ফলন ভালো হওয়ায় প্রতিবছরই বাড়ছে জমির পরিমাণ ও কৃষকের সংখ্যা। এখন আমানের মাঠজুড়ে সবুজের সমারোহ, হলুদ ফুলের হাতছানি। পাশাপাশি রয়েছে হাইব্রিড জাতের কাঁচামরিচ, শশা ও লাউ। একসময় যদিও এটা শীতকালের দুই মাস ঘরের নারীরা চাষ করতেন। যেটাকে গ্রামের ভাষায় বলা হতো বিচরা ক্ষেত বা পুতা ক্ষেত। শুধু শীতকালে সবজির পারিবারিক চাহিদা মেটানোর জন্য এটা করা হতো। তবে বর্তমানে বাণিজ্যিকভাবে শীতকালীন সবজি চাষের আবাদ বৃদ্ধি পেয়েছে।
সরেজমিনে দেখা যায়, কৃষকরা বাগান থেকে টমেটো সংগ্রহ করে বিক্রির জন্য এক জায়গায় এনে জমা করছেন। তাদের কাজে শ্রমিকের পাশাপাশি সহযোগিতা করছেন গৃহবধূরাও। পাইকাররা একেবারে টমেটো জায়গা থেকে এসে ক্রয় করে নিচ্ছেন। বিক্রি করতে কৃষকদের কোনো বেগ পেতে হচ্ছে না। টমেটোর আকার বুঝে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে পাইকাররা কিনে নিচ্ছেন।
কৃষক জুনেদ আহমদ জানান, এবছর টমেটোর চারা রোপণের সময়বৃষ্টি থাকায় টমেটো বিক্রিতে একটু দেরি হয়েছে। নতুবা আরও বেশি দামে বিক্রি করতে পারতেন। তার দুই বিঘা জমিতে টমেটোর ভালো ফলন হয়েছে। খরচ বাদে আড়াই থেকে তিন লক্ষ টাকা মুনাফা হবে বলে আশা করছেন তিনি।
এছাড়া টমেটো চাষি গোলাম রব্বানী, শামীম আহমদ, ওয়ারিছ আলী, মনসব আলী ও আব্দুল লতিব টমেটো বিক্রি করে উৎপাদন খরচ তুলে অনেকটা মুনাফা অর্জন করেছেন। বাকি সময়ে টমেটো বিক্রি করে ভালো মুনাফা হবে বলে জানান তারা। তাদের মতে, এবার কোনো কৃষকেরই ক্ষতি হওয়ার শঙ্কা নেই।
নওয়াগাঁও গ্রামের পাকা টমেটো এখন সিলেট জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। সপ্তাহে দুই দিন সালুটিকর বাজারের স্থানীয় হাটে টমেটো বিক্রি হচ্ছে। শীতকালীন আগাম টমেটো চাষের সাফল্য উদ্যোগী করেছে নওয়াগাঁও গ্রামের অনেক চাষিকে। টমেটো তুলে ভালোভাবেই সংসার চলছে টমেটো চাষিদের।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, শীতকালীন টমেটো আবাদ অত্যন্তঝুঁকিপূর্ণ। টমেটো চাষে কৃষকদের প্রচুর দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন।
তবে শীতকালীন টমেটো চাষে ভালো মুনাফা থাকায় কৃষকরা আগ্রহী হয়েছেন। গোয়াইনঘাট উপজেলায় দিন দিন শীতকালীন সবজির আবাদি জমির পরিমাণ ও কৃষকদের সংখ্যা বাড়ছে বলে উপজেলা কৃষি অফিস জানায়। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সাথে মাঠ পর্যায়ে কাজ করছেন এবং শীতকালীন সবজি আবাদে উপজেলার তরুণ কৃষকরা এগিয়ে আসছেন।
জৈন্তাবার্তা / সুলতানা




