ছবি: নিজস্ব
২০০১ সালে সিলেট নগরের মানুষকে সরকারের পক্ষ থেকে লেক তৈরির স্বপ্ন দেখানো হয়েছিলো। তখন বলা হয় নগরের ৯টি ছড়াকে ঘিরে লেক তৈরি করা হবে। এতে জলাবদ্ধতা দূরীকরণের পাশাপাশি নগরবাসীর নিশ্বাঃস ফেলার জায়গা তৈরি হবে। কিন্তু গত তিন দশকে লেক তৈরির নামে শুধুই অর্থ ব্যয় হয়েছে। নিশ্বাঃস ফেলা তো দূরের কথা এখনও অনেক ড্রেনের পাশ দিয়ে যেতে নাকে রুমাল দিতে হয় নগরবাসীকে।
সিলেট নগরের গোয়ালীছড়ার উৎসমুখ নগরের উপশহর দিয়ে শুরু। সরেজমিন দেখা যায়, সেখানে তেররতন পয়েন্টে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি নাগরিকরা। সামান্য বৃষ্টি হলেই ড্রেন উপচে নিয়মিতই পানি ঢুকে আশপাশের বাসা-বাড়িতে। খালের উপর বহুতল একটি ভবন নির্মাণ হওয়ায় সেখানকার ময়লা বা পানি নিষ্কাশনের কোনো পথ খোলা নেই।
এই ছড়ার উপশহর এলাকার একটি অংশকে একটি প্রকল্পের আওতাভুক্ত করে নান্দনিক রূপ দেয়া হয়েছে। তাও যে অংশে ওয়াকওয়ে তৈরি করা হয়েছে সেই অংশটি এখনও খুলেই দেয়া হয়নি জনসাধারণের চলাচলের জন্য। আর দেদারসে নগরবাসী সেই ড্রেনে ময়লা আবর্জনা ফেলছেন।
মালনীছড়া নামের একটি খালের অংশ চা বাগান থেকে শুরু হয়ে দরগাহ মহল্লার ভেতর দিয়ে গিয়ে শেষ হয়েছে। এই ছড়ার কাজ দরগা মহল্লার ভেতরেই হোঁচট খেয়েছে। ৬৯ এবং ৭০ নম্বর বাসার পেছনের অংশে কোনো ধরনের গার্ড ওয়াল ছাড়াই কাজ শেষ হয়েছে। পরে বন্যার পানির সঙ্গে ময়লা আবর্জনাও ঢুকে দরগা মহল্লায়।
সিলেট নগরের বহুল আলোচিত একটি ছড়া হচ্ছে গাভিয়ার খাল। নগরের ১০, ১১ এবং ১২ নং ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত খালটি যেন এলাকাবাসীর জন্য অভিশাপ হয়ে উঠেছে। খালের শেষ অংশের আগেই দখল আর দূষণে ভরাট হয়ে আছে। ফলে পানি প্রবাহিত হতে বহু সময় লাগে। এ খালের পানি আশপাশ বাসা বাসাতে ঢুকে নিয়মিতই। প্রতিবছর এ খাল দিয়ে ছড়া উদ্ধার অভিযান শুরু হলেও খাল আর ময়লা যেন স্ব স্থানেই থাকে।
জলাবদ্ধতার আতঙ্কে নগরবাসী: গ্রীস্মকালীন অল্প বৃষ্টিতেও এমন রূপ এখন ভীতি চড়াচ্ছে নগরজুড়ে। প্রাপ্ত তথ্য বলছে, জলাবদ্ধতা নিরসনে গেল ১৪ বছরে ১ হাজার ৪৮৫ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে সুফল পাননি নগরবাসী। এর জন্য সিসিককে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তারা। তাদের দাবি, সিসিকের সুস্পষ্ট পরিকল্পনা না থাকায় সরকারি টাকার অপচয় আর লোটপাট হয়েছে, কিন্তু জলাবদ্ধতার নিরসন হয়নি। এত টাকা খরচের পরও নগর জলাবদ্ধতামুক্ত না হওয়ায় এসব প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে।
নগরবিদরা বলছেন, যেকোনো নগরের অবকাঠামোগত উন্নয়নের পেছনে থাকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। আর পরিকল্পনা হতে হবে সেই নগরের ভ‚-প্রকৃতি, জলবায়ু, নগর জীবন ও সংস্কৃতিনির্ভর। আর নগর পরিকল্পনাবিদরা সেই কাজটিই করে থাকেন। তাদের সুপারিশ কিংবা পরামর্শ গ্রহণ করা হলে নগরীর জলাবদ্ধতা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হতো। তবে সিসিকের প্রতি ক্ষোভ নাগরিকদের। তাদের বক্তব্য, কোনো প্রকল্প বাস্তবায়নে সিসিক কখনো সংশ্লিষ্ট অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ করে না।
জলাবদ্ধতা নিরসনে যত প্রকল্প: নগরীর জলাবদ্ধতা নিরসনে গেল ১৪ বছরে প্রকল্প হয়েছে ৪টি। এর মধ্যে তিন প্রকল্পে সরকার বরাদ্ধ দেয় ১১ কোটি টাকা। ২০০৯ সালে এই প্রকল্পের আওতায় নগরীর ছড়াগুলো উদ্ধার কার্যক্রম চালায় সিটি করপোরেশন। এরপর ২০১৩ সালে একই লক্ষ্যে গ্রহণ করা হয় ২০ কোটি টাকার আরেকটি প্রকল্প। এরপর ২০১৬ সালে নেওয়া হয় ২৩৬ কোটি ৪০ লাখ টাকার প্রকল্প। এর মধ্যে এই ৩টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। তবে অভিজ্ঞরা বলছেন, সিসিকের নির্ধারিত অ্যাকশন প্ল্যান না থাকায় প্রকল্পগুলো থেকে দৃশ্যমান অগ্রগতি চোখে পরেনি। যার ফলে দুর্ভোগ আরও বেড়েছে বরং কমেনি।
সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বেরে জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণের জন্য ১ হাজার ২২৮ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। প্রশ্ন উঠেছে গেল একযুগ ধরে এত প্রকল্প, এত বরাদ্ধ স্বত্বেও কি পেল নগরবাসী? তারা না জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে, না বন্যার গ্রাস থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পেরেছে। সব মিলিয়ে আসন্ন বর্ষার আগেই শঙ্কায় সিলেট নগরবাসী।
সূত্রমতে, সিলেট নগরীর ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে সুরমা নদী। তাছাড়া গাভিয়ার খাল (নবাব রোড, কানিশাইল), জৈন্তার খাল (২৫ নম্বর ওয়ার্ড বারখলা) রতœারখাল (২৫ নম্বর ওয়ার্ড বারখলা) ও বসুর খাল (কুয়ারপাড়) নিয়ে মোট ৪টি খাল রয়েছে। আর ছড়া রয়েছে প্রায় ২৫টি। ছড়াগুলো হলো- বারুতখানা ছড়া, জল্লার ছড়া, মির্জাজাঙ্গাল ছড়া, কেওয়া ছড়া, বৈঠা ছড়া, মালনী ছড়া (চৌকিদেখি-হাউজিং এস্টেত-মিরেরময়দান-সাগরদিঘি-বাঘবাড়ি), মংলীছড়া (রিকাবীবাজার), মঙ্গলী ছড়া (লোহারপাড়া-দরগাগেইট), মোগলী ছড়া, মুগনী ছড়া (কাজিরবাজার), গোয়ালী ছড়া (তেররতন-উপশহর-ছড়ারপাড়), কালীবাড়ী ছড়া, হলদি ছড়া (শাপলাবাগ, ব্রাম্মণপাড়া, সাদীপুর), যুগনী ছড়া, ধোপা ছড়া, বুবি ছড়া, বাবু ছড়া (দক্ষিণ সুরমা) বলরাম ছড়া (জিন্দাবাজার-জামতলা-তালতলা)।
সিটি করপোরেশন সূত্র জানায়, দখল-দূষণে এখন অনেক স্থানে ছড়ার অস্তিত্বই হারিয়ে গেছে। নগরের ভেতর দিয়ে বয়ে যাওয়া ১৩টি বড় ছড়ার দৈর্ঘ্যপ্রায় ৭৩ কিলোমিটার। দীর্ঘদিন ধরে এসব ছড়ার দুই পাশ দখল করে স্থাপনা নির্মাণ করেছেন অবৈধ দখলদাররা। এই ছড়াগুলো উদ্ধারে এই ৩টি প্রকল্পে এখন পর্যন্ত প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় করেছে সিলেট সিটি করপোরেশন। সর্বশেষ ২০১৬ সালে ছড়া-খাল দখলমুক্ত করতে ২৩৬ কোটি ৪০ লাখ টাকার বৃহৎ একটি প্রকল্প নেওয়া হয়। তবে এসব বৃহৎ প্রকল্পের পরও ছড়া দখলমুক্ত করা নিয়ে প্রশ্ন রয়েছে।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ছড়া-খাল দখলদারদের একটি তালিকা করা হয় ২০১৬ সালে। এতে ২৬৮ জনকে দখলদার হিসেবে চিহ্নিত করা হয়। দখলদারদের বেশিরভাগই প্রভাবশালী। এ ছাড়াও কয়েকটি সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। ছড়া-খাল দখল করে এরা গড়ে তুলেছেন বহুতল ভবন। অনেকে পরিবর্তন করে ফেলেছেন ছড়ার গতি। ফলে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। এতে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়াও এই সময়ে নগরের জলাবদ্ধতা নিরসনে আরও কয়েকটি ছোট ছোট প্রকল্প বাস্তবায়িত হয়। তবে এত প্রকল্প, এত অর্থব্যয় সত্বেও প্রভাবশালী দখলদারদের উচ্ছেদ করতে না পারায় এসব প্রকল্পে তেমন সাফল্য আসেনি।
এরই মধ্যে চলতি সপ্তাহ থেকে আবারও শুরু হয়েছে ছড়া উদ্ধারে অভিযান। এবার এর সুফল দেখার অপেক্ষায় নগরবাসী।
জৈন্তাবার্তা / সুলতানা




