ছবি: সংগৃহীত
কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে দাপ্তরিক সব নথিপত্র, আসবাবপত্র এবং সব শিক্ষা উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার রাতে বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিলোয়ার হোসেন তালুকদার বলেন, মঙ্গলবার বিকেলে প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ের অফিস ও শ্রেণিকক্ষ তালাবদ্ধ করে প্রস্থান করি। বুধবার সকালে বিদ্যালয়ের আয়া ও দুজন শিক্ষার্থী আমাকে সংবাদ দেন যে, বিদ্যালয় আগুনে পুড়ে গেছে। আমি এসে দেখি অফিস কক্ষের সব শিক্ষা উপকরণ ও কাগজপত্র পুড়ে গেছে। রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে জানি না। অফিসকক্ষের দরজার সিটকিনি কাটা অবস্থায় পাওয়া গেছে। প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকার ক্ষতি হয়েছে।
ভোলাগঞ্জ গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন বলেন, আগুনে শিক্ষার্থীদের বই, গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজ, আসবাবপত্রসহ অফিস কক্ষের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রতিষ্ঠানটি অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হাসনাত, কোম্পানীগঞ্জ থানার ওসি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওই বিদ্যালয় পরিদর্শন করেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বদিউজ্জামান আহমেদ বলেন, বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে মুঠোফোনে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি সাহেবকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন লাগার কারণ জানা যায়নি। প্রধান শিক্ষককে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। আর ওসিকে বলেছি অভিযোগটি আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয় আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় বুধবার (১ জানুয়ারি) বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




