সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ফের অভিযান চালিয়ে প্রায় ৬৯ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন গোয়াইনঘাটের পানতুমাই, তামাবিল, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর এবং পাথরকোয়ারি বিওপিসহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, জর্জেট থান কাপড়, শীতের কম্বল, জিরা, আই বল ক্যান্ডি, বিড়ি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




