ছবি: নিজস্ব
ওসমানীনগরে বোরো ধান আবাদ শুরু হয়েছে। এরই মধ্যে বোরো চাষকে ঘিরে মাঠে মাঠে যেন উৎসব শুরু হয়েছে। জমিতে সেচ, হালচাষ, সার প্রয়োগ, চারা উত্তোলন ও প্রস্তুত আর জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বছর উপজেলায় ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
বর্তমান বাজারে ধানের দাম ভালো পাওয়ায় বোরো আবাদে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে। তাদের ধারণা, আবহাওয়া অনুক‚লে থাকলে এ বছরও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বোরো আবাদ।
সরেজমিনে উপজেলার বুরুংগা, উমরপুর, সাদিপুর, তাজপুর ও গোয়ালাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা। কোথাও কোথাও গভীর নলক‚প থেকে চলছে পানি সেচ, ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে চলছে জমি চাষের কাজ। কোনো কোনো স্থানে পাওয়ার টিলার ছাড়া কৃষকদের মই টেনে জমি সমান করার দৃশ্য দেখা গেছে। আবারও বোরো ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা। কৃষকদের গায়ে রয়েছে হালকা শীতের পোশাক, মাথায় গরম কাপড়। কেউ জমিতে হালচাষ করছেন, কেউ জমির আইল কোদাল দিয়ে কোপাচ্ছেন। কেউ আবার জৈব সার দিতে ব্যস্ত। সেচের জন্য ড্রেন নির্মাণ বা পাম্পের জন্য ঘর তৈরি করছেন কেউ কেউ। অনেকে তৈরি জমিতে পানি সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন। কেউ আবার বীজতলা থেকে ধানের চারা তুলে তা রোপণ করছেন। সব মিলিয়ে উৎসবের আবহে রয়েছেন কৃষকরা।
উপজেলার বুরুংগা ইউনিয়নের বোরো ধান চাষি শেখ সমশের আলি, শেখ মুনাইম, আব্দুল গফফার ও আছকির আলী বলেন, গত বছর বোরো চাষাবাদ করে লাভবান হয়েছি। এবারও সেই আশায় বোরো চাষ শুরু করেছি। বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করেছি। কয়েকদিনের মধ্যে সব জমি প্রস্তুত করে ধান রোপণ করব।
সাদিপুর ইউনিয়নের বোরো চাষি বেলাল আহমদ বলেন, গত আমন মৌসুমে বিভিন্ন ধানের ফলন ও বাজারমূল্য ভালো ছিল, তাই অনেক আয় করেছি। এজন্য চলতি মৌসুমে বোরো আবাদ করতে উৎসাহী হয়েছি।
গোয়ালাবাজার এলাকার নাজমুল মিয়া নামের এক কৃষক বলেন, বোরো ধান চাষে আমনের তুলনায় খরচ বেশি। তবে বর্তমান বাজারে ধানের দাম ভালো। এজন্য ধান চাষে অনেকের আগ্রহ বাড়ছে।
কৃষক কাজল ও রায়হান মিয়া বলেন, বোরো ধান রোপণে জমিতে পানি সেচ, হালচাষ, সার প্রয়োগ ও চারা তোলার কাজে আমরা ব্যস্ত সময় পার করছি। এ বিষয়ে কৃষি বিভাগ আমাদের সহায়তা করছে।
ওসমানীনগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এরই মধ্যে বোরো ধানের চারা উত্তোলন ও রোপণ শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় এখনও বীজতলা তৈরি হচ্ছে। কয়েক বছর থেকে ধানের দাম ভালো হওয়ায় ধান চাষে ভীষণ আগ্রহী হয়েছেন চাষিরা। এ বছর উপজেলায় ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ৬ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করেছেন কৃষকরা। আশা করা হচ্ছে এ বছরও বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
জৈন্তাবার্তা / সুলতানা




