বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপি সদস্যদের মাধ্যমে অভিযান চালিয়ে ৯৭ লক্ষ টাকার চোরাই পণ্য ও মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে বিজিবি।
শনিবার ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ও শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, পান্থুমাই, কালাসাদেক, দমদমিয়া, লাফার্জ, মিনাটিলা, সংগ্রাম, তামাবিল, শ্রীপুর এবং ডিবিরহাওর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চিনি, গরু, মহিষ, কমলা, ডালিম, গার্নিয়ার ক্রিম, বেটনোভেট ক্রিম, জিলেট ব্লেইড, কম্বল, পোস্ত দানা, সাবান, বিড়ি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা এবং মাদকদ্রব্যসহ ১ জনকে আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ লক্ষ ৭৪ হাজার) টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানীর মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিকে গোয়াইনঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




