সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ভারতীয় গরুর মাংস। এতদিন গরু পাচার করলেও এবার কৌশল পাল্টেছে চোরাকারবারীরা।
রবিবার সকালে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, কালাইরাগ এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক এ অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, কমলা, চিনি, মেহেদী, গরুর মাংস, চকলেট, ফেন্সিডিল এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও চোরাচালানীর পণ্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার আটক করে বিজিবি। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৮০ লাখ ১৩ হাজার ১শ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আডিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




